আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের দরবারে বাণিজ্য বিস্তারে এবার বড় পদক্ষেপ নিল টেকনো ইন্ডিয়া গ্রুপ। বৃহস্পতিবার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসল্যান্ডের রাষ্ট্রদূত বেনেডিক্ট হসকুল্ডসন।

এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী জানালেন, দুই দেশের ব্যবসা, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। 

ভারত ও আইসল্যান্ডের মধ্যে ব্যবসায়িক সংযোগ আরও শক্তিশালী করার বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, ‘আইসল্যান্ড আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক গড়ে তোলার আগ্রহ ছিল। তাঁরা আমাকে আইসল্যান্ড সফরে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে গিয়ে বিভিন্ন মন্ত্রক এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনা করার সুযোগ হবে। এরপর বোঝা যাবে, টেকনো ইন্ডিয়া কোন কোন ক্ষেত্রে তাঁদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে এবং তাঁদের আগ্রহের ক্ষেত্রগুলো কী কী।’ 

ভবিষ্যতে আইসল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথভাবে কাজ করারও বার্তা দিয়েছেন সত্যম রায়চৌধুরী। তিনি বলেন, ‘আমরা মূলত শিক্ষা ক্ষেত্রে কাজ করি। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বিষয়গুলোতে আইসল্যান্ডের সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে। টেকনো ইন্ডিয়া আইটি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। তাই আইসল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ, অ্যাকাডেমিক সহযোগিতা এবং প্রয়োজনে সেখানে কোনও টেকনো ইন্ডিয়ার ইউনিট গড়ে তোলার চেষ্টা করা হবে।’ 

চলতি বছরেই সেখানে যাওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বলেন, ‘আগামী সেপ্টেম্বরে আমরা আইসল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছি। সেখানে দুই দেশের ব্যবসা, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। ভারত ও আইসল্যান্ডের মধ্যে ব্যবসায়িক সংযোগ আরও শক্তিশালী করার বিষয়েও কথা হয়েছে।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবারের এই বিশেষ অনুষ্ঠান শুরু হয় ভারত ও আইসল্যান্ডের জাতীয় সঙ্গীত দিয়ে। এরপর আইসল্যান্ডের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়।

বিএনসিসিআই-এর সভাপতি অশোক কুমার বণিক বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা বর্তমান যুগে ব্যবসা ও শিল্পের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এছাড়া অনুষ্ঠানে দেখানো হয় ‘White Iceland’ নামে একটি চলচ্চিত্র।

এই সিনেমার মাধ্যমে আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং অর্থনৈতিক শক্তির পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল রাষ্ট্রদূত বেনেডিক্ট হসকুল্ডসনের বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্ব। তিনি আইসল্যান্ডের অর্থনীতি, জ্বালানি খাত, উন্নয়ন এবং ভারতে ব্যবসার সঙ্গে সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।