আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতেই তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস। এরপরেই শুক্রবার সুরুচি সংঘে তাণ্ডব চালালেন স্থানীয় বাসিন্দারা।
এদিন বিকেলে উন্মত্ত জনতা সুরুচি সংঘে হামলা চালায়। গেট ভেঙে ভিতরে ঢুকে ভেঙে ফেলা হয় ব্যানার, পোস্টার। তবে ক্লাবের ভিতর থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে ৩০ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের নথিও।
এছাড়া দলীয় পতাকা, প্রচুর জার্সি এবং আরও বিভিন্ন কাগজপত্র উদ্ধার হয়েছে সুরুচি সংঘের ভিতর থেকে। উন্মত্ত জনতা রীতিমত ক্লাবের ভিতরে ভাঙচুর চালায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।
জানা গিয়েছে, তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। সূত্র মারফত জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টলিপাড়ায় টেকনিশিয়ানদের থেকে টাকা তুলতেন তিনি।
একদিকে যখন মেসি কাণ্ড নিয়ে দাদা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেই পরিস্থিতিতেই এবার একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হল স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।
তাঁকে হেফাজতে রেখে তদন্ত করার জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন করেছিল পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আদালত ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।















