বিউ সরকার: আরজি কর আবহে এবার আরও এক চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্যে। আরজি কর কাণ্ডের ঠিক দু’মাস আগে বর্তমান মেডিকেল কলেজের ২৪ বছর বয়সী হাউস স্টাফ ডঃ অমর্ত্য ঘোষালের রহস্যজনক মৃত্যু হয়। ক্যাম্পাস চত্বরের বাইরে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। এই ঘটনায় ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ডঃ ঘোষালের পরিবার। এবার সেই মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারে পৌঁছালেন মৃত চিকিৎসকের বাবা-মা।

রুবির বাসিন্দা, অমর্ত্যর বাবা বিবেকানন্দ ঘোষাল জানান, ছেলের মৃত্যুর পর সন্দীপ রায় নামের একজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তারা। সন্দীপ সেই সময় মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ পরিবারের। পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পুলিশের তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে সিআইডি তদন্তের নির্দেশ দেন। কিন্তু সিআইডি-র তদন্তেও কোনও সুরাহা মেলেনি এবং তা নিয়ে চরম অসন্তুষ্ট পরিবার।

ছেলের মৃত্যুর নেপথ্যে থাকা থ্রেট কালচারের পর্দাফাঁস করতে এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন কান্নায় ভেঙে পড়া বাবা-মা। মুখ্যমন্ত্রী মনোযোগ সহকারে তাঁদের সমস্ত অভিযোগ শোনেন এবং এই ঘটনার রহস্য উদঘাটনে একটি বিশেষ তদন্তকারী দল (STF) গঠনের আশ্বাস দিয়েছেন। আরজি কর আবহের মাঝেই আরও এক তরুণ চিকিৎসকের মৃত্যু ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্যের চিকিৎসা মহলে।