আজকাল ওয়েবডেস্ক: রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা খাস কলকাতায়। ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
পুলিশ সূত্রে খবর, সকাল ৬ টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে ছিলেন তিনজন তরুণ। গাড়ির সজোরে ধাক্কায় তিন বাইক আরোহীইআহত হন।
আহতদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ১৯ বছরের মহম্মদ শাহজাহান আনসারিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে ঘাতক গাড়িটির হদিশ মেলে। গাড়ি চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে।