আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার পর চাকরিপ্রার্থীদের এবার ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে। আগামী বিধানসভা অধিবেশনের আগেই সমস্ত সরকারি নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

শনিবার ১৯তম রোজগার মেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অতীতে নিয়োগে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বহু যুবক-যুবতীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল।’

এমনকী, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার ঘটনাও রাজ্যের জন্য বড় ধাক্কা বলে উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে সমস্ত সরকারি এবং সরকার পোষিত সংস্থার নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে করা হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে।

যাতে পরীক্ষার পরে নিজের উত্তরপত্র মিলিয়ে দেখার সুযোগ পান পরীক্ষার্থীরা। পাশাপাশি পরীক্ষার স্কোরও সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, এতদিন রাজ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নিয়োগের প্রবণতা ছিল। এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের নিয়মও কঠোরভাবে মেনে চলা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

রোজগার মেলায় ৫০ হাজারেরও বেশি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও কর্মনিষ্ঠার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর অনুপ্রেরণায় দেশের যুব সমাজ আবার নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।

এদিন তিনি অভিযোগ করেন, প্রাক্তন সরকারের আমলে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা বিভিন্ন চাকরির পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

রেলের বহু পরীক্ষাও রাজ্যে অনুষ্ঠিত হত না। পরীক্ষার্থীদের উড়িষ্যা, বিহার বা অসমে যেতে হত। তবে এবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশ্বাস দেন তিনি।

ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়াকেও রাজ্য সরকার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রক ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জমি সংক্রান্ত জট কাটায় এবার সেই প্রকল্পগুলির কাজ এগোবে বলে আশা প্রকাশ করেন।