আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর পর দলের সঙ্গে এবার বিজয়া সম্মেলনীর মাধ্যমে জনসংযোগে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, আগামী সপ্তাহে নিজের কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকবেন মমতা। সোমবার সন্ধে ৬ টা নাগাদ হবে এই বিজয়া সম্মেলনী। মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, বিধায়ক দেবাশিস কুমার।

তৃণমূল সূত্রে খবর, পুজোর পর এই বিজয়া সম্মেলনীর মধ্যে দিয়েই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যকে ফের একজোট হওয়ার বার্তা দিতে পারেন মমতা। শাসক দলের তরফে আগেই বলা হয়েছিল, বকেয়া না মেটালে আন্দোলন বৃহত্তর হবে। প্রাপ্য টাকা যতক্ষণ না আদায় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। এই ইস্যুকে সামনে রেখেই বাংলার মানুষকে ফের একজোট করতে চায় তৃণমূল কংগ্রেস।