রিয়া পাত্র
২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানালেন, ‘এবার জেলায় জেলায় বেরোব। আটকানোর ক্ষমতা কত আছে দেখতে চাই।’
মঙ্গলবার ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি দাবি করেন, সমাবেশ বানচাল করতে আগের রাত থেকেই পরিকল্পিতভাবে নানা বাধা তৈরি করা হয়েছিল।
একইসঙ্গে স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে কর্মীদের উদ্দেশে একাধিক রাজনৈতিক বার্তাও দেন তিনি। মমতার অভিযোগ, ‘রাত ১০টার সময় মঞ্চ ভেঙে দেওয়া হয়। মাইকের সংযোগ কেটে দেওয়া হয়।
তারপর আবার গভীর রাতে হামলা চালিয়ে মাইকের তার কেটে দেওয়া হয়। বিজেপি এখন ‘তারকাটা পার্টি’।’ তিনি আরও দাবি করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাতভর হয়রানি করা হয়েছে।
‘ওদের লক্ষ্য ছিল রাত দুটো থেকে সকাল সাতটা পর্যন্ত। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের জ্বালানো হয়েছে। আমরা জানি কার নির্দেশে এসব হয়েছে। তবে এর জন্য পুলিশকে দোষ দেব না,’ বলেন তৃণমূল নেত্রী।
বিজেপিকে কটাক্ষ করে মমতার মন্তব্য, ‘এখন চলছে ‘লবডঙ্কার সরকার’। দিল্লি থেকে কলকাতা— সর্বত্র মানুষ বিজেপির বিদায়যাত্রা দেখেছে।’ মমতার অভিযোগ, কোলাঘাট, বর্ধমান ও বীরভূম-সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘রাতের অন্ধকারে বাস আটকে ছেলে-মেয়েদের মারধর করা হয়েছে। খবর ছিল, সকালে কাউকে বেরোতে দেওয়া হবে না। আমাকেও আটকানোর চেষ্টা হয়েছিল। তবে আমার সবসময় প্ল্যান বি, প্ল্যান সি থাকে।’
সমাবেশে আসা কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘সবাইকে থাকার ব্যবস্থা করতে পারিনি, ট্রেনের টিকিট বা বাসেরও ব্যবস্থা করতে পারিনি। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু যাঁরা এসেছেন, আপনারাই আমার সোনার খনি, নয়নের মণি।’
দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘নকল বেড়াল তপস্বী হয় না। বিজেপির পাশবালিশ হয়ে থাকার বদলে সরাসরি বিজেপিতে চলে যান। যারা চলে গিয়েছে, তাদের একজনকেও আর দলে ফেরত নেওয়া হবে না। আমরা বেঁচে গেছি, কারণ চোরেরা বিজেপিতে চলে গিয়েছে।’
ছাত্র-যুবদের উদ্দেশে বার্তা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘শূন্যস্থান পূরণ করবে ছাত্র-যুবরাই। সরকার চালাতে গেলে নিয়ম মেনেই চলতে হয়। আমি আগামী দিনে জেলায় জেলায় ঘুরব।’
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আপনারা ইঁদুরের মতো লুকিয়ে থাকেন। আমরা সুন্দরবনের বাঘের মতো লড়াই করি। রাত ১২টায় আমরা মামলা করেছি। আইনি পথে লড়াই চালিয়ে যাব।’
















