আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকে যুবভারতীর সামনে কোমরের ওপর বল রাখা বিশাল মূর্তির পর এবার ভাঙা হতে পারে লেকটাউনে মেসির মূর্তিও। পুলিশ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, লেকটাউন থানার পুলিশের কাছে নির্দেশিকা এসেছে মেসির ওই মূর্তিটা ভেঙে ফেলার। সোমবার পুলিশ, পিডব্লিউডি এবং বিধাননগর পুরসভার ঘটনাস্থল পরির্দশন করতে যাওয়ার কথা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে সোমবারই ভেঙে ফেলা হতে পারে মেসির মূর্তি। গত ডিসেম্বরে মেসি যখন কলকাতায় আসেন সেই সময় এই মূর্তিটা উদ্বোধন করা হয়েছিল।

এদিন মেসির স্ট্যাচু যারা পরিদর্শনে গিয়েছিলেন তারা জানান, পিডব্লিডির নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই এই মূর্তি বসানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেটার খুবই খারাপ অবস্থা।

জানা গিয়েছে, মেসির মূর্তির নিচের দিকে অনেকটা অংশই খারাপ হয়ে গিয়েছে। যে কোনও সময় মূর্তিটা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারাও।

তাঁরাই পুলিশে খবর দেন বলে জানা গিয়েছে। মেসির মূর্তির অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে হাওয়া দিলেই বিশাল ওই মূর্তি দুলে উঠছে। যে কারণে তা ভেঙে ফেলতে তৎপর প্রশাসন।