আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের মাওবাদী মামলার তদন্তে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হল অভিযুক্ত মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস, তাঁর সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মাধাই পাত্র নামে এক প্রাক্তন মাওবাদী। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল বলে পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

 

মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, ঝাড়খণ্ডের মাও সংগঠনের দায়িত্বে ছিলেন ওই নেত্রী। ২০০৪-২০০৫ সালে ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন। একাধিক মামলায় নাম ছিল ওই দু'জনের। মাধাই পাত্রের বাড়ি হুগলির জাঙ্গিপাড়াতে। ওই মাও নেত্রী প্রথম গ্রেপ্তার হন ২০০৭ সালে। জামিন পেয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন কার্যকলাপে আবার যোগ দেন। ঝাড়খণ্ডের প্রভাবশালী নেত্রী ছিলেন তিনি। এই গ্রেপ্তারি নিঃসন্দেহে কলকাতা পুলিশের বড় সাফল্য।  

 

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে নাশকতামূলক কার্যকলাপ এবং মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মাধাই পাত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ স্তরের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যকলাপ পরিচালনার কাজেও যুক্ত ছিলেন।

 

এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই নেত্রীর যোগাযোগের সূত্র ধরে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। লালবাজার সূত্রে খবর, নজরদারির পরই এই অভিযান চালানো হয়। ধৃতদের আদালতে তোলা হবে এবং তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি ঝাড়খণ্ড পুলিশের সঙ্গেও যোগাযোগ রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, এ বিষয়ে ঝাড়খণ্ড পুলিশও তদন্ত সূত্রে কলকাতায় আসবে। ঘটনার পর উত্তর কাশীপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।