আজকাল ওয়েবডেস্ক: মাথা এবং গলা সংলগ্ন এলাকায় 'টিউমার'। মস্তিষ্ক বাদে। যেমন গলায়, গালে, জিভের উপর। এই টিউমার সাধারণ বা ক্যানসার রোগের বাহকও হতে পারে। পরিস্থিতি বুঝে চিকিৎসকেরা কখনও ওষুধ প্রয়োগ করে আবার কখনও অস্ত্রোপচার করে এই রোগ নিরাময়ের চেষ্টা করেন। এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত সূক্ষ এবং জটিল। আরও কত ভালোভাবে এই অস্ত্রোপচার করে রোগীর রোগের উপশম করা যায় সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা তুলে ধরতে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল-এর ইএনটি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিশেষ সেমিনার। 

হাসপাতালের অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, রেডিওথেরাপি, সার্জিক্যাল অঙ্কোলজি, জেনারেল সার্জারি এবং এওআই ওয়েস্ট বেঙ্গল-এর সহযোগিতায় ইন্টার-ডিপার্টমেন্টাল ক্লিনিক্যাল মিটিং অন হেড অ্যান্ড নেক সার্জারি শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক চিকিৎসক ও অন্যান্য চিকিৎসকদের সামনে একটি শবদেহের উপর অস্ত্রোপচার করে দেশের প্রখ্যাত 'হেড অ্যান্ড নেক সার্জন' ডাঃ প্রথমেশ এস স্পাই এই সংক্রান্ত আধুনিক ধ্যানধারণার ব্যাখ্যা করেন। 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "এই ধরনের অনুষ্ঠান হল শিক্ষার একটি জায়গা। যাকে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল সবসময়ই উৎসাহ জোগায়। এই অনুষ্ঠানে শুধুমাত্র অস্ত্রোপচারই নয়, তারপরে রোগীকে কী ধরনের ওষুধ এবং কীভাবে রাখতে হবে সেই বিষয়ের উপরেও প্রাঞ্জল ব্যাখ্যা দেওয়া হয়েছে। যা চিকিৎসক শিক্ষক এবং সেইসঙ্গে অন্যান্য চিকিৎসকদের খুবই উপযোগী হবে।" 

হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "দিন দিন ইএনটি'র পরিধি বাড়ছে। বিশেষত, ক্যানসার চিকিৎসায় অস্ত্রোপচারের খুঁটিনাটি বিষয়ে আরও বেশি অবগত করার জন্য এই কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।" 

শুধুমাত্র এই হাসপাতালেরই নয়, এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্যান্য সরকারি এবং বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকও। ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ দীপ্তাংশু মুখার্জি বলেছেন, "আমাদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে দেশের এক নম্বর হেড অ্যান্ড নেক সার্জন ডাঃ প্রথমেশ পাই মুম্বই থেকে এসে যোগ দিয়েছেন। ওঁর কাছে 'ফেলোশিপ' করতে এই রাজ্য থেকে প্রচুর চিকিৎসক গিয়েছেন। আমাদের এখানে যারা এই ধরনের অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত তাঁরা যাতে আরও বেশি করে এই অস্ত্রোপচারের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন সেজন্য তিনি এখানেই একটি শবদেহের উপর এই অস্ত্রোপচারের প্রশিক্ষণ দিয়েছেন। অস্ত্রোপচারের সময় যেই জায়গাগুলোতে আমাদের প্রশ্ন উঠতে পারে সেই জায়গাগুলো সম্পর্কে আমরা ওঁকে জিজ্ঞাসা করেছি এবং তিনি সেগুলো বুঝিয়ে দিয়েছেন। এর পাশাপাশি এই বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়েও একটি কর্মশালার আয়োজন হয়েছে এবং উপস্থিত বিশিষ্ট চিকিৎসকরা তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেছেন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও সুপার ডাঃ অঞ্জন অধিকারী, কলেজের ডিন ডাঃ অরূপ চক্রবর্তী এবং অ্যাডিশনাল সুপার ডাঃ জয়ন্ত সান্যাল। ছিলেন অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা।