আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সরকারি ও ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম কমন সার্ভিস সেন্টার। সেই উদ্যোগকে আরও শক্তিশালী করতে এবার পশ্চিমবঙ্গেও বাড়ানো হচ্ছে সিএসসি-র কার্যক্রম।
শুক্রবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে প্রথমবারের মতো রাজ্যে আয়োজিত হল ১৭তম সিএসসি দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসসি-র ডিরেক্টর অখিল কুমার (আইপিএস), রাজ্যের পঞ্চায়েত ও প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, আইন ও বিচার মন্ত্রকের প্রতিনিধি নীরজ ভার্মা এবং অতিরিক্ত সচিব অনুপ কুমার আগরওয়াল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
কী এই সিএসসি?
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) উদ্যোগে গড়ে ওঠা কমন সার্ভিস সেন্টার (CSC) হল এমন একটি ডিজিটাল পরিষেবা কেন্দ্র, যার মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গায় বসেই বিভিন্ন সরকারি ও নাগরিক পরিষেবা পেয়ে থাকেন। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সিএসসি-র মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা, সরকারি নথির আবেদন, আর্থিক পরিষেবা, ডিজিটাল পেমেন্ট, বিমা, পেনশন, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।
বর্তমানে দেশজুড়ে সাড়ে ৯ লক্ষেরও বেশি সিএসসি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে ২ থেকে ৩ জন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় প্রায় ২৫ লক্ষ মানুষের জীবিকা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত।
একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষের কাছে প্রযুক্তিনির্ভর সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিএসসি একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করছে।
কলকাতায় প্রথমবারের মতো সিএসসি দিবস পালনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ডিজিটাল পরিষেবার বিস্তার এবং গ্রামীণ এলাকায় প্রযুক্তিনির্ভর নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে।
















