সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় শোরগোল! এবার রাজনীতির ময়দানে বলিউডের "কুইন।" শুক্রবার সকালে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করতে এসেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখান থেকেই নির্বাচনী রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, যদি ভগবান কৃষ্ণ আশীর্বাদ করেন তবে তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার মুম্বই সংবাদসংস্থার কাছে তিনি জানান, "শ্রী কৃষ্ণ কৃপা করলে, আমি লড়ব।" এছাড়াও ভারতীয় জনতা পার্টির প্রশংসা করেছেন অভিনেত্রী। ৬০০ বছরের সংগ্রামের পরে অযোধ্যায় ভগবান রামের মূর্তিকে পবিত্র করার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন কঙ্গনা। সনাতন ধর্মের ধ্বজা সারা বিশ্বে উড়ুক। এমনটাই চান "তেজাস" অভিনেত্রী। সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া দ্বারকা শহরের অবশিষ্টাংশ দেখার জন্য একটি সুবিধা যাতে তৈরি করা যায়, সেই জন্য সরকারকেও অনুরোধ করেছেন তিনি। কঙ্গনার কথায়, "দ্বারকা একটি ঐশ্বরিক শহর। এখানকার সবকিছুই আশ্চর্যজনক। দ্বারকাধীশ প্রতিটি কণায় বিরাজমান। তাঁকে দেখলেই আমি ধন্য হয়ে যাই। আমি সর্বদা চেষ্টা করি প্রভুর দর্শন পেতে।" এছাড়াও "এমার্জেন্সি" ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি করছেন কঙ্গনা।
Kangana Ranaut: এবার রাজনীতিতে কঙ্গনা? আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি?
















