আজকাল ওয়েবডেস্ক: আজ দুপুর প্রায় ২:৪৫ নাগাদ বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের (ডিডি) একটি দল উত্তর ২৪ পরগনার ইকোপার্ক থানার অন্তর্গত ঘূণি শূলিপাড়া এলাকায়, নববালক সংঘের কাছে অভিযান চালিয়ে একটি অবৈধ ও ভেজাল সামগ্রী তৈরির কারখানার পর্দাফাঁস করেছে। একটি ভাড়া বাড়ি থেকে এই বেআইনি কারবার চালানো হচ্ছিল। জানা গেছে, বাড়িটি অঞ্জন ঘোষের ছেলে অজয় ঘোষ ভাড়া নিয়েছিলেন।
অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে দেশের নামী এফএমসিজি (FMCG) ব্র্যান্ডের জাল লোগো ও ট্রেডমার্ক লাগানো বিপুল পরিমাণ নকল প্রসাধন ও নিত্যব্যবহার্য পণ্য বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া নকল সামগ্রীর তালিকায় রয়েছে নিভিয়া, বায়ো-কিওর, নাইসিল, হিমালয়, অল আউট এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার-এর মতো জনপ্রিয় নানা ব্র্যান্ডের লোগো দেওয়া ভুয়ো প্রোডাক্ট। শুধু তৈরি করা প্রস্তুত সামগ্রীই নয়, কারখানার ভেতর থেকে ওজন মাপার যন্ত্র, ভুয়ো লেবেলিং শিট, খোলা পাউডার, মশার রিফিল স্টিকসহ প্রচুর কাঁচামাল ও মোড়কজাতকরণের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, বাইরে থেকে খোলা ও সস্তা কাঁচামাল এনে এই বাড়িতেই তা প্রসেসিং ও অ্যাসেম্বল করা হতো। এরপর নামী কোম্পানির প্যাকেটে ভরে তা আসল পণ্য হিসেবে বাজারে সরবরাহ করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। এই চক্রের পেছনে কাঁচামালের মূল জোগানদার কারা, কোথায় কোথায় এসব বেআইনি পণ্য ছড়ানোর পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
















