আজকাল ওয়েবডেস্ক: এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়িতে হাজির হলেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতে অভিষেক ব্যানার্জির বাড়িতে ইডি হাজির হয়েছে। আগামী ১৫ জুন তাঁকে ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল লিপস এন্ড বাউন্সের। সেই বিষয়ে এর আগেও সিবিআই অভিষেক ব্যানার্জি তলব করেছিল। এবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতেই কালীঘাটের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। বর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়িতে রয়েছেন অভিষেক ব্যানার্জি। বাড়িতে সেই সময় অভিষেক ছিলেন না। তাই নোটিশ তাঁর হাতে দিতে পারেননি ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, গত শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথেই প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক ব্যানার্জি। তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর, ইট ছোঁড়া হয়। সেই সময় আহত হন তিনি। সোনারপুর থেকে ফিরেই কলকাতায় বিভিন্ন হাসপাতালে যান তিনি। কিন্তু তৃণমূলের অভিযোগ, কোথাও তাঁকে ভর্তি নেওয়া হয়নি।
আহত অবস্থায় রাতেই বাড়ি ফিরে আসেন অভিষেক। বাড়িতেই আপাতত বিশ্রামে আছেন তিনি। এই আবহে অসুস্থতার কারণে গত সোমবার ভবানী ভবনেও হাজিরা এড়িয়ে যান অভিষেক। সই বিতর্কে তলব করা হলেও সেদিন ভবানী ভবনে হাজিরা দেননি তৃণমূল সাংসদ।
এরপর সেদিন বিকেলেই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে ফের সিআইডি টিম পৌঁছয়। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ভিতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন। নোটিশও নেন তিনি। সূত্রের খবর, অভিষেককে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারপরে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।















