আজকাল ওয়েবডেস্ক: লেকটাউনে লিওনেল মেসির মূর্তি ভাঙা হতে পারে খুব শীঘ্রই। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের।
মঙ্গলবার রাজ্যের মন্ত্রী এই প্রসঙ্গে বলেন, 'টিএমসি সরকারের ভীত নড়ে গেল। মেসিও নড়ে গেল। মেসির ঘটনার পরে আজ পর্যন্ত যারা প্র্যাকটিস করতেন সেটাও বন্ধ রয়েছে।'
তিনি আরও বলেন, 'বাপের সম্পত্তি হয়ে গেছে!! যা ইচ্ছা লুট করো খাও। যে ক'টা লোক এর সঙ্গে যুক্ত আছে সে প্রাক্তন মন্ত্রী হলেও কাউকে ছাড়া হবে না।' দিলীপ এদিন বলেন, 'মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। ধোঁকা দেওয়া হয়েছে, লুঠ করা হয়েছে। পরিবারের লোকদের এনে ছবি তোলা হয়েছে যেন ফ্যামিলি প্রোগ্রাম, বার্থডে পার্টি! মেসির মতো আন্তর্জাতিক প্লেয়ার, যেভাবে তার সঙ্গে ব্যবহার করা হয়েছে এটা লজ্জার। সেজন্য সবাই সাজা পাবে।'
দিলীপের অভিযোগ, রাজ্যজুড়ে যেখানে সেখানে মূর্তি বানানো হয়েছে এতদিন যার পুরোটাই সরকারি খরচে। তিনি অভিযোগ করেন, এই মূর্তি তৈরির নাম করে লক্ষ লক্ষ টাকা লুঠ করা হয়েছে।
তিনি বলেন, 'যেখানে সেখানে মূর্তি। অনুমতি নেওয়া হয়েছে কি? কোনও অনুমতি নেওয়ার ব্যাপার নেই। যেখানে সেখানে স্ট্যাচু বানানো হয়েছে শুধু পয়সা কামাবার জন্য। একটা ফাইবারের স্ট্যাচু তৈরি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ করা হয়েছে। কত টাকা খরচা হয়। তাও সরকারি জায়গায়, সরকারি খরচে। পাবলিকের থেকে টাকা তোলা হয়েছে। দেদার লুঠ হয়েছে। সবকটার ইনকোয়ারি হবে।'
উল্লেখ্য, লিওনেল মেসির সেই বিখ্যাত ৭০ ফুটের মূর্তিটি ইতিমধ্যেই নামিয়ে ফেলার তোড়জোড় শুরু করেছে প্রশাসন। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেক টাউনে স্থাপন করা এই বিশালাকায় মূর্তিটি বর্তমানে বিপজ্জনকভাবে হাওয়ায় দুলছে এবং বেঁকে পড়েছে বলে জানিয়েছেন পূর্ত দপ্তরের (PWD) ঠিকাদাররা।
সোমবার দুপুরেই পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান পুলিশ ও পূর্ত দপ্তরের পদস্থ কর্মীরা। বিপত্তি এড়াতে প্রশাসন ইতিমধ্যেই মূর্তিটি অক্ষত অবস্থায় নামিয়ে আনার নির্দেশ দিয়েছে।
তবে রাস্তার একদম ধারেই এই বিশাল মূর্তিটি অবস্থিত হওয়ায়, সেটি নামানোর কাজটি বেশ ঝুঁকিপূর্ণ ও জটিল। কোনও রকম দুর্ঘটনা ছাড়া কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনার জন্য মূর্তিটির শিল্পী মন্টি পালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার প্রশাসনের কর্তারা শিল্পীর সঙ্গে বৈঠকে বসবেন এবং তাঁর পরামর্শ মেনেই মূর্তিটি সরানোর চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হবে।















