আজকাল ওয়েবডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে সামিল হতে চান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার সকালেই এবিষয়ে তাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওনাকে কে ডেকেছে যন্তর মন্তরে? ওনাকে ডাকারও তো লোক নেই। সঙ্গে যাওয়ারও লোক নেই। যারা ভাবছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো উৎপাত তৈরি করবে তারা ভুলে যাবেন না এটা ভারত। এখানকার মানুষ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। কিছু লোক বিদেশি টাকায় রাহুল গান্ধী সহ অন্যান্য নেতাদের কথায় নাচানাচি করছে। কদিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবেন। উদ্ভব ঠাকরে অখিলেশ যাদব এই সমস্ত হারিয়ে যাওয়া পরিত্যক্ত বা রিজেক্টেড নেতারা পালে হাওয়া টানার চেষ্টা করছে। মানুষ ওদের সঙ্গে নেই। দুনিয়ার চোর ডাকাত গালাগালবাজ নেতা ওখানে গিয়ে উৎপাত করছে। ওদের অভ্যাস কখনও ছাত্র কখনও মহিলা কখনও কৃষকদের সামনে রেখে বিশৃঙ্খলা করবে। দেশে অব্যবস্থা তৈরি করবে। দেশ আজ দুরন্ত গতিতে এগোচ্ছে। কিছু দেশ এতে খুশি নয়। তারা এদের পুতুল হিসেবে ব্যবহার করে এই অব্যবস্থা তৈরির চেষ্টা করছে।’
একুশের মঞ্চ থেকে মমতা দাবি করেছিলেন তার কর্মীরা তাঁর সঙ্গেই আছে। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কার সঙ্গে কে ছিল কাল সবাই দেখেছে। ওনারা শহীদ তর্পণ নিয়ে কম্পিটিশন করেছেন। এটার কোনও দরকার ছিলনা। তিনি ওইদিন যে রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেন সেটা বন্ধ হয়েছে।’
শহীদ দিবসে যাওয়া কর্মীদের বিভিন্ন জায়গায় আটকানো এবং মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিষয়টিকে একেবারে হেলায় উড়িয়ে দিলেন বিজেপির এই মন্ত্রী। তিনি বলেন, ‘আমার জানা নেই বিজেপি কোথাও কাউকে আটকেছে বা মেরেছে বলে। এইসব মিথ্যা দিয়ে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা। ওরা শহীদ দিবস করেছে। সরকার সহযোগিতা করেছে। লোক না এলে বিজেপি দায়ী নয়। আপনাদের শক্তি কতটা সেটা এতদিনে বোঝা যাচ্ছে। এতদিন প্রশাসনিক শক্তি লাগিয়ে ডিম ভাতের প্রলোভন দিয়ে লোক টেনে আনতেন।’
একুশের মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক ব্যানার্জি বলেছেন দিন পাল্টাতে বেশি দেরি নেই। তা নিয়েও তীব্র কটাক্ষ শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন, ‘দিন পাল্টেছে বলে তো আপনাদের এই দিনটা দেখতে হল। এটা দেখবে বলেই তো পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন করেছে। আমার সঙ্গে একসময় ওরা যা করেছিল তার বদলে আমি তো কিছুই করিনি। যদি করতাম তাহলে টেনে রাস্তায় নামিয়ে জামাকাপড় খুলে পেটাতাম। এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে। নীতি আদর্শ আছে। আমরা করব না সেটা।’
মদন মিত্রের পরিবারকে ইডি তলব প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি যদি কোনও বেআইনি কাজ করে থাকেন তাঁকে আইনের সামনে আসতে হবে। অভিষেক বনাম মদন মিত্র নারদ নারদ চলছে। ৬০০ কোটি টাকার গন্ডগোল আছে। সবে তো শুরু। দেখতে থাকুন।’
















