আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অন্যতম শীর্ষ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এসএসকেএম হাসপাতাল (পিজি হাসপাতাল)–এর উডবার্ন ও অনন্য বিভাগে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার পরিসর আরও বিস্তৃত হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় শুধু চারটি সরকারি স্বাস্থ্যবিমা সংস্থা নয়, আরও প্রায় ২৮টি বেসরকারি বিমা সংস্থা যুক্ত হয়েছে এই ক্যাশলেস নেটওয়ার্কে। 

এর ফলে এখন প্রায় সব ধরনের বিমা গ্রাহকই - দরিদ্র থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত, উডবার্ন ও অনন্য বিভাগের নির্দিষ্ট কেবিন ও বেডে সরাসরি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। রোগী ও পরিবারের পকেট থেকে সরাসরি খরচ (out of pocket expenditure) কমানোর দিকেই এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছে হাসপাতাল প্রশাসন। 

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, ঐতিহ্যবাহী উডবার্ন ওয়ার্ডে বর্তমানে ৩৬টি বেড রয়েছে। এখানে ডাবল কেবিনের ভাড়া প্রায় ২ হাজার টাকা, সিঙ্গল কেবিন আড়াই হাজার টাকা এবং বড় কেবিনের ভাড়া প্রায় ৪ হাজার টাকা। অন্যদিকে নতুন ‘অনন্য’ বিভাগে ইতিমধ্যেই প্রায় ৬৬টি কেবিন চালু হয়েছে, যেখানে মোট অনুমোদিত বেড সংখ্যা প্রায় ১৫০। এর মধ্যে রয়েছে ৮টি সুইট এবং ১২টি সিসিইউ ও এইচডিইউ বেডও। এই বিভাগের কেবিন ভাড়া প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত। 

স্বাস্থ্য বিমা খাতের পরিসংখ্যান বলছে, বর্তমানে বেসরকারি বিমা গ্রাহকের সংখ্যা সরকারি বিমার তুলনায় কিছুটা বেশি। ফলে নতুন করে বেসরকারি সংস্থাগুলিকে যুক্ত করার ফলে হাসপাতালের ক্যাশলেস পরিষেবার আওতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। 
এর আগে এই দুই বিভাগে ক্যাশলেস সুবিধা সীমিত পরিসরে কার্যকর ছিল। অনেক ক্ষেত্রে রোগীদের প্রথমে খরচ বহন করে পরে ক্লেইম করার পরিস্থিতিও তৈরি হত। নতুন চুক্তি ও নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে সেই জটিলতা অনেকটাই কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। 

 পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এর পরিষেবা এসএসকেএম হাসপাতালে গৃহীত হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হাসপাতাল প্রশাসন কিছু জানায়নি বলেই হাসপাতাল দেখাবো। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ক্যাশলেস পরিষেবার প্রকৃত সুবিধা কতটা দ্রুত ও নির্বিঘ্নে রোগীদের কাছে পৌঁছায়, তা নির্ভর করবে বিমা সংস্থা ও হাসপাতালের সমন্বয়ের উপর। একই সঙ্গে 'আয়ুষ্মান ভারত' এর পরিষেবা যদি গৃহীত হয় তাহলে আরও বেশি সাধারণ মানুষের জন্য সুবিধা হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।