আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি এবং বিদ্রোহী তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
রাজনৈতিক পালাবদলের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি দাবি করলেন, তৃণমূল কংগ্রেসের শক্তির উৎস একটাই, মমতা ব্যানার্জি। সভা থেকে অভিষেক বলেন, ‘বিজেপি সরকার যদি এত শক্তিশালী হয়, তাহলে ২১ জুলাইয়ের সমাবেশ আটকাতে পারল না কেন?
শুভেন্দু অধিকারীও এই সমাবেশ রুখতে পারলেন না। আজকের এই জনসমাগমই প্রমাণ করে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনও বিকল্প নেই।’ বিদ্রোহী তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যাঁরা নিজেদের ভাল তৃণমূল বলে দাবি করেন, তাঁরা একবার মেয়ো রোডের সভা দেখে আসুন। গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটার সময়ও এর থেকে বেশি লোক হয়।’
মমতার নেতৃত্বের প্রশংসা করে অভিষেকের বক্তব্য, ‘মমতা যেখানে, জনতা সেখানে। তৃণমূলের শিকড়ের নাম মমতা। তাঁর আদর্শকে সামনে রেখেই কর্মীরা আপসহীন লড়াই করে দলকে আজ বটবৃক্ষে পরিণত করেছেন।’
দলত্যাগী নেতৃত্বের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। বলেন, ‘যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের আর ফিরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। মাকে যে ত্যাগ করে, তাকে সৃষ্টিকর্তাও ক্ষমা করেন না।’
বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অভিষেক বলেন, ‘বিজেপি যদি মানুষের রায়েই জিতেই থাকে, তাহলে এত ভয় কেন? কেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে? আমার বিরুদ্ধেও অসংখ্য মামলা হয়েছে।’
সভামঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘প্রতিকূলতার বিরুদ্ধে যারা লড়াই করে, ইতিহাস তাদেরই মনে রাখে, গদ্দারদের নয়। আগুনের স্ফুলিঙ্গ থেকেই নতুন শিক্ষার জন্ম হবে।’
শেষে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দশ ওয়াটের বাল্ব নিজেকে হ্যালোজেন ভাবছে। বাংলায় বিজেপির ক্ষমতা হবে, এখানে মিটিং করার?’
















