আজকাল ওয়েবডেস্ক: ইরান-আমেরিকা হুমকি, পাল্টা হুঁশিয়ারি ঘিরে এশিয়ায় সঙ্কট আরও বাড়ছে। এবার কুয়েতে ধ্বংস করা হল মার্কিন যুদ্ধবিমান। বিমানটি সম্ভবত কোনও কিছুর আঘাতে ধ্বংস হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কুয়েত বা আমেরিকা, কোনও পক্ষই এই যুদ্ধবিমান ধ্বংস নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

৪৮ ঘন্টার হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে। হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা করেছিলেন যে, নির্ধারিত সময়সীমা পার হলেই ইরানের বিভিন্ন জ্বালানি ঘাঁটিতে হামলা হবে। সোমবারই শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই সময়সীমা। ইরানও মরিয়া। পাল্টা হরমুজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 

এই অবস্থায় সোমবারই মার্কিন বিদেশদপ্তর মার্কিনীদের বিদেশে, বিশেষ করে মধ্য প্রাচ্যে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আশঙ্কা, সোমবার ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হলেই বড় কোনও হামলা চালাতে পারে আমেরিকা। এই অবস্থায় ওয়াশিংটন ঘনিষ্ঠ কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা বেশ তাৎপর্যবাহী।

যুদ্ধের মধ্যে চলতি মাসের প্রথমে কুয়েতে মার্কিন 'এফ-১৫ ই' যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দেওয়া হয়েছিল। কুয়েতের প্রতিরক্ষা দপ্তরের তরফে এই খবর জানানো হয়েছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তা ছিল সম্পূর্ণ ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা ।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি 'এফ-১৫ ই' যুদ্ধবিমান আকাশে ঘুরতে ঘুরতে নীচে পড়ে আসছে। সেটির পিছনের অংশে আগুন জ্বলতেও দেখা যায়। কিছুক্ষণ পর দু'জন পাইলটকে যুদ্ধবিমান থেকে ইজেক্ট করতে দেখা গিয়েছিল।

যুদ্ধের প্রেক্ষাপট
ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের সরাসরি হামলা। পাল্টা ইজরায়েল ও উপসাগরীয় রাষ্ট্রজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার ফলে পশ্চিম এশিয়ার সংঘাত তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামিক প্রজাতন্ত্র ইরান ও ইজরায়েলের মধ্যে শুরু হওয়া এই সংঘাতের সোমবার ২৪তম দিন। এই অবস্থায় উভয় পক্ষই তাদের সামরিক অভিযান জোরদার করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার জবাবে ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর তাদের পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেলসমৃদ্ধ এই রাষ্ট্রগুলোর ওপর চালানো হামলা - যার মধ্যে কয়েকটি সরাসরি জ্বালানি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আকস্মিক বিঘ্ন ঘটার আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে।