আজকাল ওয়েবডেস্ক: উপসাগরীয় এলাকায় নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এর জেরে আমেরিকা ও ইরানের মধ্যকার সাময়িক শান্তি চুক্তিটি পুরোপুরি ভেঙে পড়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিটি এবার ‘শেষ’।

তুরস্কে ন্যাটোর বৈঠক শুরু হওয়ার মুখে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে ইরান নিজেই যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের ‘হোরমোজগান’ প্রদেশ এবং ‘মাহশার’ বন্দরে হামলার বদলা নিতে তারা আমেরিকার ৮৫টি সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে। এই খবর ছড়িয়ে পড়তেই বাহরাইন এবং কুয়েত জুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। বেজে ওঠে সাইরেন।

ওয়াশিংটন অবশ্য জানিয়েছে, কাতার ও সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার-সহ তিনটি জাহাজে ইরান হামলা চালানোর পরেই তারা ইরানি ঘাঁটিতে ‘জোরালো পাল্টা আঘাত’ হেনেছে।

একই সঙ্গে, গত ১৭ জুনের চুক্তি অনুযায়ী ইরানকে যেটুকু তেল বিক্রির ছাড় দেওয়া হয়েছিল, আমেরিকা সেটাও বাতিল করে দিয়েছে।