আজকাল ওয়েবডেস্ক: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এবং পশ্চিম এশিয়ার অন্য কয়েকটি দেশের অনুরোধেই আপাতত ইরানের ওপর যৌথ আক্রমণ স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ মেটানোর জন্য একটি চুক্তির খসড়া আবারও তৈরি হয়ে গিয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, এই চুক্তি মেনে চললে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' আবার আগের মতো পুরোপুরি খুলে দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এই পথটি প্রায় বন্ধ করে রেখেছিল।

ট্রাম্প বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন শক্তিশালী সামরিক শক্তি নিয়ে আমেরিকা প্রস্তুত ছিল। তা সত্ত্বেও ইরান এবং আশেপাশের কয়েকটি দেশের অনুরোধে আমরা আক্রমণ স্থগিত রাখছি। কারণ, চুক্তির মূল বিষয়গুলিতে সবাই রাজি হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া এবং ইরানের পরমাণু হুমকির চিরতরে অবসান।"

ট্রাম্প আরও জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এই চুক্তির প্রক্রিয়ায় যোগ দিতে রাজি হয়েছেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে হত্যা করেছিল আমেরিকা ও ইজরায়েল।

ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, "আমরা ওদের ওপর এমন বড় ধাক্কা দেব যে, এক সময় ওরা নিজেরাই বলবে আর সহ্য করতে পারছি না।"

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ট্রাম্প ইতিমধ্যেই নতুন অভিযানের নির্দেশ দিয়ে রেখেছেন, যা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে যুদ্ধ থামাতে দুই দেশ একটি প্রাথমিক চুক্তিতে সই করেছিল। কিন্তু আমেরিকা অভিযোগ তোলে, ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। এর পরেই আমেরিকা আবার আক্রমণ শুরু করে এবং জবাবে ইরানও পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

সেই চুক্তিতে লেবাননসহ সব জায়গায় লড়াই বন্ধ রাখা এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু গত ৮ জুলাই ট্রাম্প জানিয়ে দেন যে চুক্তি বাতিল হয়ে গিয়েছে। জবাবে তেহরানও আমেরিকার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সেই সমঝোতা স্থগিত করে দেয়।