আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এবং অধরা কার্টেল নেতা এল মেনচো, মেক্সিকোতে সামরিক অভিযানে আহত হওয়ার পর মারা গিয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এই ঘোষণা করেছে।

এল মেনচো নামে পরিচিত হলেও তাঁর আসল নাম নেমেসিও রুবন ওসেগুয়েরা সার্ভান্তেস। তাঁর মৃত্যুর মেক্সিকো জুড়ে প্রবল হিংসা শুরু হয়েছে। জালিস্কো-সহ মেক্সিকোর আধ ডজনেরও বেশি রাজ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বন্দুকধারীরা মহাসড়ক অবরোধ করে।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোতে সামরিক অভিযানের সময় আহত অবস্থায় পলাতক 'মাদক সম্রাট' মারা গিয়েছেন। মেক্সিকো সিটিতে বিমানে স্থানান্তরের সময় মেনচো শেষনিশ্বাস ত্যাগ করেন।

এল মেনচোর অপরাধী সংগঠন, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি), গত এক দশক ধরে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী সংগঠিত অপরাধ সিন্ডিকেট হয়ে উঠেছে। এই সংগঠনই মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের একটি প্রধান পাচারকারী হিসেবেও আবির্ভূত হয়।

মেক্সিকো জুড়ে বিশৃঙ্খলা, বিস্ফোরণ
এল মেনচোর মৃত্যুর পর ব্যাপক হিংসার ঘটনায় উত্তাল মেক্সিকো। কার্টেলদের সামরিক অভিযান রোধে সক্রিয় প্রশাসন। বিশৃঙ্খলার প্রাদুর্ভাবের পর, প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক্স-পোস্টে জানিয়েছেন যে, ফেডারেল সরকার রাজ্যগুলির সঙ্গে "সমন্বয়" বজায় রাখছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে যে, জালিস্কোর পর্যটন শহর পুয়ের্তো ভাল্লার্তার উপর ধোঁয়ার কুণ্ডলী। লোকেরা আতঙ্কিত, সকলেই রাজ্যের রাজধানীর বিমানবন্দর দিয়ে ছুটে বাইরে বেরচ্ছেন।

রাজধানী গুয়াদালাজারায়, যানবাহন পোড়ানোর ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। জালিস্কোর গভর্নর, পাবলো লেমুস নাভারো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাসিন্দাদের বাড়িতে থাকার আবেদন করেছেন।

এল মেনচোর মৃত্যু আমাদের জন্য 'জয়'
এল মেনচোর ওরফে ওসেগুয়েরার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ট্রাম্পের প্রশাসনের তরফে শাইনবাউমের সরকারের উপর চাপ ছিল। মাদক পাচার রোধে মেক্সিকোতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের হুমকিও ছিল। এই হুঙ্কার ওয়াশিংটনের চাপ প্রয়োগের কৌশলের বলে মনে করা হয়।

এল মেনচোর গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করার জন্য তথ্য-প্রমাণ চাওয়া হয়েছিল। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ১৫ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল। এই মাদ পাচারকারীর বিরুদ্ধে বিরুদ্ধে উত্তর আমেরিকায় কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইলের চালানের অভিযোগ আনা হয়।

ট্রাম্প প্রশাসন গত বছর মেনচোর নেতৃত্বাধীন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল-কে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। মার্কিন উপ-পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউ, মেনচোর হত্যাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর পাশাপাশি ল্যাটিন আমেরিকার বাকি অংশের জন্য "বিশাল ভাল খবর" বলে অভিহিত করেছেন।

মার্কিন নিরাপত্তা সতর্কতা জারি করেছে
মেক্সিকো জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার পর, মার্কিন বিদেশ দপ্তর বিভিন্ন মেক্সিকান রাজ্যের আমেরিকান নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করে দিয়েছে। এই তালিকায় রয়েছেন জালিস্কোর পাশাপাশি তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো এবং নুয়েভো লিওন।

কানাডা, পুয়ের্তো ভাল্লার্তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করেছে।

জালিস্কো নিউ জেনারেশন কার্টেল কীভাবে আঞ্চলিক ত্রাস হয়ে উঠল
ওসেগুয়েরার নেতৃত্বে, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল একটি আঞ্চলিক সংগঠন থেকে একটি আন্তঃরাজ্য পাচারকারী নেটওয়ার্কে পরিণত হয়। এরা ভারী অস্ত্র, সামরিক ধাঁচের কনভয় এবং প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে হিংসর প্রদর্শনের জন্য পরিচিত।

জোয়াকুন "এল চাপো" গুজমনের নেতৃত্বে একসময় সিনালোয়া কার্টেলের তুলনায় বিশ্বব্যাপী কম স্বীকৃত হলেও, সিজেএনজি মেক্সিকোতে নৃশংস প্রয়োগ কৌশল এবং দ্রুত আঞ্চলিক সম্প্রসারণের সমার্থক হয়ে ওঠে।