আজকাল ওয়েবডেস্ক: আবারও এক বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে চলেছে মেটা। জানা গিয়েছে, মার্ক জুকারবার্গের সংস্থা ব্যবসার ক্ষেত্রে সার্বিকভাবে প্রচুর লাভ করলেও নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে মেটা থেকে।
জুকারবার্গের মেটার অধীনে বর্তমানে রয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই হতে পারে মেটা থেকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ছাঁটাই প্রক্রিয়া ঘটতে চলেছে এমন একটা সময়ে, যখন সংস্থার তরফে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
ধারণা করা হচ্ছে, সে কারণেই বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে মেটা। রিপোর্ট অনুযায়ী, ২০ মে থেকে নতুন করে ছাঁটাই শুরু হতে পারে। এই ধাপে মোট কর্মী সংখ্যার প্রায় ১০% ছাঁটাই করা হতে পারে।
সংখ্যাটা গিয়ে ঠেকেছে প্রায় আট হাজারে। গত বছরের শেষে মেটা অধীনে প্রায় ৭৯,০০০ কর্মী কর্মরত ছিলেন। তবে বিশেষজ্ঞদের মতে, এবারে আরও বড় ধরনের ছাঁটাই হতে পারে মেটায়।
পাশাপাশি, এই সময় মেটার কেরিয়ার পেজে এখনও প্রায় ৫৮২টি চাকরির সুযোগ খোলা রয়েছে। উল্লেখ্য, চলতি বছরে মেটার এটাই প্রথম ছাঁটাই নয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে আরও ছাঁটাই হতে পারে।
ঠিক কবে এবং কতজন ছাঁটাই হবে এখনও স্পষ্ট নয়। কোম্পানির কর্মকর্তারা নজর রাখছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কীভাবে কাজ করছে সংস্থার হয়ে। এআই ব্যবহার কতটা লাভজনক হচ্ছে তার ওপর নির্ভর করছে ভবিষ্যতের ছাঁটাই প্রক্রিয়া।
মেটার সিইও মার্ক জুকার্বার্গের নজরে এখন কৃত্রিম বুদ্ধিমত্তাই। সংস্থার ভিতরে বড় রদবদল চলছে। প্রতিটি বিভাগকে নতুন করে সাজানো হচ্ছে। ইঞ্জিনিয়ারদের এআই বিভাগে নেওয়া হচ্ছে।
এমন টুল বানানো হচ্ছে যা নিজে নিজে কোড লিখতে পারে। সিইওর কথায়, ‘আমরা এমন একটা অ্যাপ তৈরী করছি যে নতুন ধরনের এআই অ্যাপ তৈরি করে, এআই দিয়েই।’ মেটার খরচের একটা বড় অংশ এখন যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এআই খাতে ২০২৬ সালে মেটা ১১৫ বিলিয়ন থেকে ১৩৫ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে পারে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৯.৫ লক্ষ কোটি থেকে ১১ লক্ষ কোটি টাকা।
সেই তুলনায় গত বছর খরচ ছিল ৭২ বিলিয়ন ডলার। ২০২৩ সালে ২৮ বিলিয়ন আর ২০২৪ সালে ৩৯ বিলিয়ন ডলার। এই টাকার বড় অংশ যাচ্ছে ডেটা সেন্টার তৈরি করতে। মেটা স্কেল এআই-তে বিনিয়োগ করেছে ১৪.৩ বিলিয়ন ডলার।
এছাড়া, সুপার ইন্টেলিজেন্স ল্যাবের জন্য এআই পরিচালনায় পারদর্শী কর্মী আনতে ১০০ মিলিয়ন পর্যন্ত প্যাকেজ দিচ্ছে। এক বছরে মেটার আয় ২০০ বিলিয়নের কাছাকাছি। তবে মেটার এই কর্মী ছাঁটাই প্রথম নয়।
২০২২ এবং ২০২৩ সালে মেটা প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছিল। তবে তখন পরিস্থিতি অন্য রকম ছিল। বর্তমানে মেটা আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও এআই কেন্দ্রিক ভবিষ্যতের জন্য ছাঁটাই চলছে।















