আজকাল ওয়েবডেস্ক: দুবাই থেকে সাময়িকভাবে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। আবু ধাবি থেকে প্রথম বিমান অবতরণ করেছে নয়া দিল্লিতে। সোমবার রাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বহু ভারতীয় আটকে পড়েছিলেন দুবাই-সহ একাধিক জায়গায়। ইরান ও ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের আবহে একাধিক দেশে আকাশপথ বন্ধ ছিল। অবশেষে বিমান পরিষেবা চালু হল। 

 

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবি থেকে গতকাল রাতে বিমান অবতরণ করেছে নয়া দিল্লিতে। আর এর ফলেই মধ্য প্রাচ্যে আটকে পড়া যাত্রীরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট EY216 আবু ধাবি থেকে রাত ৮টা বেজে ৩১মিনিটে দিল্লি এসে পৌঁছেছে। ভারতে পৌঁছেই আবেগে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। 

 

দুবাই সরকারের মিডিয়া অফিস ইতিমধ্যেই ঘোষণা করেছে, দুবাই সীমিত কিছু সংখ্যক বিমান পরিচালনা করবে। সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে অনলাইনে ফ্লাইটের অবস্থা দেখে নিতে।

 

পরিস্থিতি দেখে কেন্দ্রের তরফেও জানানো হয়েছে পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সেই অঞ্চলের ভারতের যেসব মিশন রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, ইন্ডিগো ইতিমধ্যেই সৌদি আরবের জেড্ডা থেকে ভারতে ১০টি উড়ানের পরিকল্পনা করেছে। 

 

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারত থেকেও একের পর এক বিমান বাতিল হচ্ছে। টানা তিনদিন শতাধিক বিমান বাতিল হয়েছে ভারতেও। বিশ্বজুড়ে কয়েক হাজার বিমান দেরিতে ওঠানামা করছে। গত শনিবার ভারতে ৪১০টি বিমান বাতিল ছিল। রবিবার ৪০০-র বেশি বিমান বাতিল থাকার কথা ছিল। সোমবারেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। 

 

ভারত থেকে ইউরোপ, আমেরিকায় ঘুরপথে সরাসরি বিমান যাতায়াত করছে। এর জেরে সময় বেশি লাগছে। আকাশছোঁয়া আন্তর্জাতিক বিমানের ভাড়াও। ভারত থেকে ইউরোপ ও আমেরিকাগামী বিমান দুবাই হয়ে পৌঁছয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য দুবাই আন্তর্জাতিক এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বাতিল করা হয়েছে। 

 

দুবাই বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা হচ্ছে না বলেই, ভারত থেকে ঘুরপথে ইউরোপ ও আমেরিকায় পাড়ি দিচ্ছে বিমানগুলি। ভারত থেকে দুবাই হয়ে ইউরোপ ও আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে বিমানের ভাড়া তুলনামূলক কম থাকে। এমনকী টিকিট পাওয়া যায় সহজেই। কিন্তু বর্তমানে দুবাই বিমানবন্দর বন্ধ থাকার কারণে, চাহিদা সত্ত্বেও টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। 

 

চাহিদার কারণেই ভারত থেকে ইউরোপ ও আমেরিকার বিমানের ভাড়া কয়েকগুণ বাড়ল একধাক্কায়। ভারত থেকে লন্ডন, নিউইয়র্কে সরাসরি বিমান যাচ্ছে। আর এই বিমানের ভাড়া রেকর্ড হারে বাড়ল।