আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করল ভারতীয় দূতাবাস।
ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে এক বিবৃতি জারি করে ইরান সফর এড়ানোর আবেদন করা হয়েছে। পাশাপাশি, বর্তমানে ইরানে থাকা নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিরার রাত থেকে শুরু হওয়া উত্তেজনার পর ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশমন্ত্রকের তরফে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিককে ইরান সফর থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দেরও জরুরি পরিবহণ ব্যবস্থার মাধ্যমে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
বিবৃতিতে জানানো হয়েছে, এই নির্দেশিকা ইরানে অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য। যার মধ্যে রয়েছেন পড়ুয়া, ব্যবসায়ী, তীর্থযাত্রী এবং পর্যটকরা। চলতি ইরান-যুক্তরাষ্ট্র-ইজরায়েল সংঘাতের আবহে এটি ভারত সরকারের অষ্টম সতর্কবার্তা।
উল্লেখ্য, গত এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানে ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সেই সময় নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছিল।
যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে নাগরিকদের নিরাপদে দেশত্যাগ নিশ্চিত করাই ছিল দূতাবাসের মূল উদ্দেশ্য। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ৭,৫০০ ভারতীয় নাগরিক এখনও ইরানে অবস্থান করছেন।
এর আগে ভারতীয় দূতাবাস আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্ত ব্যবহার করে হাজার হাজার ভারতীয় নাগরিককে নিরাপদে ইরান থেকে বেরিয়ে যেতে সহায়তা করেছে।















