আজকাল ওয়েবডেস্ক: আয়াতোল্লা আলি খামেনেই। ইরানের সর্বোচ্চ নেতা। নিহত হয়েছেন তিনি। এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুও কয়েক ঘণ্টা আগেই জানিয়েছিলেন, খামেনেইয়ের নিহত হওয়ার লক্ষণ রয়েছে একাধিক। তার পরেই ইরানের রাষ্ট্রীয় টিভি নিশ্চিত করে সর্বোচ্চ ন্তার মৃত্যুর বিষয়টি। একাধিক আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।

একই সঙ্গে সূত্রের খবর, খামেনেইয়ের মৃত্যুতে টানা ৪০ দিন রাষ্ট্রীয় শোক ইরানে। রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে ডেলি ইরান নিউজের পোস্ট অনুযায়ী, খামেনেইয়ের সঙ্গে নিহত হয়েছেন তাঁর পরামর্শদাতা আলি শামখানিও। একাধিক সূত্রের তথ্য, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি আইআরজিসির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন।

খামেনেইয়ের মৃত্যু প্রসঙ্গে, মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, 'ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন, খামেনেই।' তাঁর মৃত্যুর খবর সোশ্যালমিডিয়ার পাতায় লিখে, ট্রাম্প ইরান এবং বিশ্বের অন্যান্য দেশের প্রতিও বার্তা দিয়েছেন। লিখেছেন, কেবল ইরানের জনগণের জন্য নয়, বরং সমস্ত আমেরিকানদের জন্য এবং বিশ্বের অনেক দেশের সেইসব মানুষের জন্য, যাঁরা খামেনেই কিংবা তাঁর বাহিনীর দ্বারা আহত, নিহত হয়েছেন, তাঁদের প্রতি ন্যায়বিচার হয়েছে। 

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, শনিবার জাতির উদ্দেশে ভাষণে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের ‘সন্ত্রাসী শাসনব্যবস্থা’-র হুমকি দূর করতেই এই অভিযান শুরু হয়েছে।

নেতানিয়াহু বলেন, ইজরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর অভিযোগ, গত ৪৭ বছর ধরে ইরানের আয়াতোল্লাহ খামেনেই প্রশাসন ‘ইজরায়েলের মৃত্যু’ ও ‘আমেরিকার মৃত্যু’ স্লোগান দিয়ে আসছে। বহু ইজরায়েলি ও আমেরিকানের রক্ত ঝরেছে, এমনকী নিজের দেশের নাগরিকদের ওপরও দমন-পীড়ন চালিয়েছে ইরান। ইজরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, এই প্রশাসনের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছলে বিশ্বের জন্য তা বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, এই যৌথ পদক্ষেপ ইরানের নাগরিকদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নেওয়ার সুযোগ করে দেবে। উল্লেখ্য, ইরানের বিভিন্ন জনগোষ্ঠী পারসিক, কুর্দি, আজারি, বালোচ ও আহওয়াজিদের উদ্দেশে নেতানিয়াহু আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলে। তার কয়েকঘণ্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট খামেনেই মৃত বলে দাবি করেছেন।