আজকাল ওয়েবডেস্ক: বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে এ বার পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে বড় বার্তা খামেনেই-এর।
বৃহস্পতিবার এক বিশেষ বার্তায় তিনি দাবি করেন, আধিপত্য বিস্তারের এক ‘নতুন অধ্যায়’ শুরু হতে চলেছে। খামেনেইর মতে, জলপথ থেকে মার্কিন ফৌজ বিদায় নিলেই সব ঠিক হয়ে যাবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া ওই বার্তায় ইরানের শীর্ষ নেতা স্পষ্ট জানান, পারস্য উপসাগরের নিরাপত্তা এখন থেকে তেহরানই রক্ষা করবে। বাইরের শত্রুরা যাতে এই জলপথকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে থাকলে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নতি হবে। একইসঙ্গে শান্তি বজায় থাকবে।
আমেরিকার নাম না করে খামেনেই চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাজার হাজার মাইল দূর থেকে যারা এখানে দাদাগিরি করতে আসছে, তাদের একমাত্র জায়গা হওয়া উচিত সমুদ্রের তলায়।” একই সঙ্গে তিনি জানান, পরমাণু শক্তি থেকে শুরু করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র- ইরানের সমস্ত প্রযুক্তিগত সাফল্যকে দেশের মানুষ জানপ্রাণ দিয়ে রক্ষা করবেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বনাম আমেরিকা-ইজরায়েল যুদ্ধ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি বেশ জটিল। শান্তি আলোচনা চললেও জট কাটছে না। উল্টে হরমুজ প্রণালীর বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের আকাল।
পাল্টা ইরানও জলপথ বন্ধ করে দেওয়ায় বেশ কিছু জাহাজ মাঝ সমুদ্রে আটকে পড়েছে। এই টানাপড়েনের জেরে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।















