আজকাল ওয়েবডেস্ক: ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনেই-এর শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন না সেদেশের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার বিশেষ প্রতিনিধি আয়াতুল্লা হাকিম এলাহী এই তথ্য নিশ্চিত করেছেন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে হাকিম এলাহী জানান, ইরানি নেতাদের ওপর ইজরায়েলের অব্যাহত ও সরাসরি হুমকির কারণেই মোজতবা খামনেই তাঁর বাবার শেষকৃত্যে সশরীরে উপস্থিত হতে পারছেন না।
মূলত নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই মোজতবার এই সিদ্ধান্ত।
সম্প্রতি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছিলেন যে, মোজতবা খামেনেইকে "হত্যার লক্ষ্যবস্তু" (মার্কড ফর ডেথ) করা হয়েছে। ইজরায়েলি এই হুমকির পর তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের বিদেশমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনও হুমকির জবাব হবে "উপযুক্ত ও শক্তিশালী"।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরপরই মার্কিন ও ইজরায়েলি বাহিনীর যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনেই। তাঁর মৃত্যুর পর ইরানের শাসনভার গ্রহণ করেন আয়াতুল্লার ছেলে মোজতবা খামেনেই। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং ইজরায়েলি গুপ্তহত্যার আশঙ্কায় নিজের বাবার শেষ বিদায়েও তিনি উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।















