আজকাল ওয়েবডেস্ক: কাবুলে পাকিস্তানের এয়ার স্ট্রাইকে তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছে কাবুলের একটি হাসপাতাল। প্রায় ৪০০- ওপর মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাবুলের একটি হাসপাতাল, আহত হয়েছেন বহু মানুষ। সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার রশিদ খান ও মহম্মদ নবি।

ঘটনাটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। আফগান প্রশাসনের দাবি, সোমবার গভীর রাতে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে পাকিস্তানের এয়ার স্ট্রাইকে আঘাত হানে।

এই হামলায় বহু সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলেন, কোনও অবস্থাতেই সাধারণ মানুষের ওপর হামলার যৌক্তিকতা নেই।

রশিদ খান লেখেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলার ফলে সাধারণ মানুষের প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি আরও বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা, তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, এই হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

তাঁর মতে, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চিকিৎসা অবকাঠামোর উপর আঘাত হানা যুদ্ধাপরাধের সামিল। রশিদ আরও বলেন, ‘মানবজীবনের প্রতি এমন অবহেলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমি রাষ্ট্রসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলির কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

তিনি আফগানিস্তানের সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দেন। রশিদের কথায়, ‘এই কঠিন সময়ে আমি আমার দেশের মানুষের পাশে আছি। আমরা ঘুরে দাঁড়াব, দেশ হিসেবে আবারও এগিয়ে যাব।’

অন্যদিকে, আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবিও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান। নবির অভিযোগ, চিকিৎসার জন্য আসা বহু তরুণ এই হামলায় প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতালের বাইরে মায়েরা তাঁদের ছেলেদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাঁদের জীবন হঠাৎই থেমে গেল।’