আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীতে। উত্তর দিল্লির রূপনগর এলাকায় একটি লোহার সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় এক মহিলা নর্দমায় পড়ে যান। উদ্ধারকাজের পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

ধ্বসে পড়া ওই সেতুর নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি শুরু করেছে বোট ক্লাবের উদ্ধারকারী দল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দিল্লিতে এই ধরনের দুর্ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরেই বারবার রাস্তার গর্ত বা কখনও নর্দমায় পড়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এর ফলে রাস্তা সংস্কারের কাজে ট্রাফিক পুলিশের নজরদারি এবং বিভিন্ন সংস্থাগুলোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন শহরবাসী৷ 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে লোহার সেতু ভেঙে মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার খবর পেয়েই শুরু হয় তল্লাশি। বোট ক্লাবের কর্মীরা এখনও তল্লাশি চালাচ্ছেন।

প্রসঙ্গত গত ৫ ফেব্রুয়ারি জনকপুরীতে ঠিক একইভাবে ৪-৫ মিটার গভীর গর্তে পড়ে মৃত্যু হয়েছিল বছর পঁচিশের কমল ধিয়ানির। ওই এলাকাটি অন্ধকার ছিল। কোনওরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দিল্লি জল বোর্ডের প্রকল্পের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছিল।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কিন্তু প্রশাসনিক এই তৎপরতা সাধারণ মানুষের জীবনের সুরক্ষা কতটা নিশ্চিত করতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।