তিনবোনের কীর্তিতে অবাক নেটপাড়া। উত্তরপ্রদেশের আমরোহার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল চর্চা চলছে। সেখানকার এক মন্দিরে তিন বোন একসঙ্গে একই যুবককে বিয়ে করেছেন। এই ঘটনার ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়ার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

জানা যাচ্ছে, ধাউরিয়া গ্রামের বাসিন্দা ওই তিন তরুণী সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট তৈরি করতেন। তাঁদের সঙ্গেই ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন বিকাশ নামের এক যুবক। পরিবারের পক্ষ থেকে যখন তিনবোনের আলাদা জায়গায় বিয়ের তোড়জোড় শুরু হয়, তখন বিপত্তি বাঁধে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া এই তিনবোন কিছুতেই একে অপরের থেকে আলাদা থাকতে রাজি ছিলেন না। 

তাঁদের দাবি, আলাদা থাকতে হবে জেনে তাঁরা আত্মহত্যার কথা পর্যন্ত ভেবেছিলেন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা তিনজন মিলেই ওই ক্যামেরাম্যানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। স্থানীয় একটি চামুণ্ডা মন্দিরে লুকিয়ে তাঁদের এই বিয়ে হয়।

এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে যেমন এই নিয়ে ট্রোল শুরু করেছেন, তেমনই কিছু হিন্দু সংগঠন এই বিয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে। অনেক নেটিজেনদের মতে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী একই সঙ্গে একাধিক বিয়ে আইনসিদ্ধ নয়। তবে সমালোচকদের মুখের ওপর জবাব দিয়ে ওই তরুণীরা একটি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁরা সকলেই সাবালিকা এবং নিজেদের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী পুলিশের কাছেও তাঁরা একই কথা জানিয়েছেন। কিন্তু তাঁদের যুক্তির কাছে কীভাবে বশ্যতা স্বীকার করলেন ওই যুবক? সেই প্রশ্নই ঘুরছে‌ সোশ্যাল মিডিয়ায়।