উত্তরপ্রদেশের বরেলি থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গভীর রাতে একটা বাড়িতে চারজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী জোর করে ঢোকে বলে অভিযোগ। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, চুরির উদ্দেশ্যে ঢুকলেও পরে পরিস্থিতি সম্পূর্ণ অন্য মোড় নেয়, যা দেখে তাজ্জব বনে যান বাড়ির মালিক।

স্থানীয় সূত্রের খবর, ওই চার ব্যক্তি চিরাচরিত চুরির বদলে এমন কিছু আচরণ করে, যা বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে থেকে একজন বাড়ির মালিকের স্ত্রীকে চুমু খান‌। কোনওকিছু না চুরি করেই শুধুমাত্র বরের সামনে বউকে কয়েকবার চুমু খেয়ে পালান ওই চোর। মুহূর্তের মধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বর্তমানে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

এদিকে, পুলিশের পক্ষ থেকে এখনও ঘটনার সমস্ত দিক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ধরনের ঘটনা ফের একবার শহরের নিরাপত্তা এবং পুলিশের দ্রুত পদক্ষেপ করার প্রয়োজনীয়তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

কিছুদিন আগে এরকমই এক অভিযোগ ওঠে মুম্বইয়ে। জানা যায়, চুরির উদ্দেশ্যে জোর করে ফ্ল্যাটে ঢোকার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ৩৮ বছর বয়সি এক গৃহবধূ সেই সময় বাড়িতে একা ছিলেন। অভিযুক্ত ব্যক্তি আচমকা ঘরের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং ওই নারীর মুখ চেপে ধরে নগদ টাকা ও দামি জিনিসপত্র দাবি করে।

কিন্তু বাড়িতে কোনও মূল্যবান জিনিস বা নগদ টাকা নেই বলে ওই নারী তাকে জানান। এরপরই ঘটে সেই আজব ঘটনা। কোনও কিছু না পেয়ে চোরটি উল্টে ওই গৃহবধূকে জোর করে চুমু খেয়ে পালিয়ে যায়। এই ঘটনায় হতভম্ব হয়ে গেলেও ওই নারী সাহসিকতা দেখিয়ে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত তদন্ত শুরু করে ওই রাতেই অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানি এবং চুরির চেষ্টার মামলা দায়ের করেছিল পুলিশ।