আজকাল ওয়েবডেস্ক: সদ্য বাবা হওয়া এক ব্যক্তির হাতে তাঁর সন্তানকে তুলে দিচ্ছেন চিকিৎসক। সদ্যোজাতকে কোলে নিতে গিয়ে রীতিমত হাত কাঁপছে বাবার।

এই ঘটনার একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাই শহরে। এই আবেগঘন মুহূর্তের ভিডিও দেখে আবেগে ভাসল সমাজ মাধ্যম।

ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ১৯৮ মিলিয়ন ভিউ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করেন চেন্নাইয়ের এক হাসপাতালের চিকিৎসক সুগন্যা সরবণকুমার।

তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছোট্ট ভিডিওটি পোস্ট করেন। সেখানে তাঁর প্রায় ৪ লক্ষ ৭৪ হাজার ফলোয়ার্স রয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফাদার মোমেন্ট’।

পিতৃত্বের সেই আবেগঘন মুহূর্ত তিনি ধরে রাখেন নিজের জীবনের পাশাপাশি সমাজ মাধ্যমেও। ভিডিওতে দেখা যাচ্ছে, ডা. সুগন্যা সরবণকুমার নবজাতককে তাঁর বাবার হাতে তুলে দিচ্ছেন।

কিন্তু প্রথমবার সন্তানের স্পর্শ পাওয়ার মুহূর্তে ওই ব্যক্তি অত্যন্ত নার্ভাস হয়ে পড়েন। শিশুকে কোলে নেওয়ার সময়ে, সন্তানের প্রথম স্পর্শে, উত্তেজনায় ওই ব্যক্তির হাত কাঁপছিল।

চিকিৎসক সুগন্যা তখন তাঁকে আশ্বস্ত করেন এবং শান্ত হওয়ার পরামর্শ দেন। ধীরে ধীরে নবজাতকের বাবা শান্ত হন। এরপর শিশুটিকে নিজের কোলে তুলে নেন তিনি। সেই আবেগের স্পষ্ট ছবি ধরা পড়েছে ওই ব্যক্তির চোখে মুখে।

ভিডিওতে দেখা যায়, আনন্দ ও আবেগে অভিভূত হয়ে তিনি নিজেকে সামলাতে পারছেন না। চোখে কোণটা চিক চিক করে উঠছে। চিকিৎসক তখন তাঁকে শান্ত থাকতে অনুরোধ করেন।

চিকিৎসকের কথায়, লাগাম পড়ে তাঁর আবেগে। নিজেকে গুছিয়ে নেন তিনি। ভিডিওটির ক্যাপশনে ওই চিকিৎসক আরও লেখেন, ‘একজন মানসিক ভাবে শক্তপোক্ত মানুষও, এই ক্ষুদ্র শরীরটাকে কোলে নিতে গিয়ে কেঁপে উঠলেন। নবজাতককে কোলে নিতে গিয়ে কেঁপে উঠল হাত। জীবনের এই মুহূর্তগুলই, বেঁচে থাকার স্মৃতি ও শক্তি হয়ে থেকে সারাজীবন। পরিবারে নতুন আনন্দ আসার প্রতিটি সেকেন্ডই মূল্যবান হয়ে ওঠে।’

ভিডিওটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেন, ‘প্রতিটি বাবা, এই অনুভূতি কেমন, তা জানেন।’ কেউ কেউ বলেন, ‘বাবার জীবনে এই মিষ্টি ভয়টাই একমাত্র ভয়।’

কেউ কেউ আবার এও বলেন, ‘সবচেয়ে স্নিগ্ধ ভালবাসা এটাই।’ কারও কারও চোখে আনন্দে জল এসেছে, তাঁরা জানিয়েছেন সে কথাও। কারও কারও কথায়, ‘এই কাঁপতে থাকা হাত, পৃথিবীর যেকোনও ভাষার চেয়ে বেশি কথা বলে দেয় অনায়াসে।’

ছোট্ট এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। সামাজিক মাধ্যমে প্রতিদিন অসংখ্য ভিডিও প্রকাশিত হয়। তবে সব ভিডিও মানুষের মনে সমানভাবে দাগ কাটে না।

চেন্নাইয়ের এই ভিডিওটি একটি সাধারণ কিন্তু গভীর মানবিক মুহূর্তকে সামনে নিয়ে এসেছে। নবজাতককে প্রথমবার কোলে নেওয়ার সময় এক বাবার আবেগ, উৎকণ্ঠা ও ভালবাসা স্পষ্ট হয়ে উঠেছে।