কোর্ট রুমের মধ্যেই কালো জাদু! নিজের পরিবারের চলমান দেওয়ানি মামলা নিজের পক্ষে টানতে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। কর্ণাটকের চিক্কাবল্লাপুরার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৯ জুলাই সকালে। চিক্কাবল্লাপুরার ফার্স্ট অ্যাডিশনাল সিনিয়র সিভিল জজ আদালতে ওই বৃদ্ধা, মঞ্জুলা, সকলের অগোচরে প্রবেশ করেন। অভিযোগ, তিনি বিচারকের আসনে এবং এজলাসে সাদা সর্ষে ছড়িয়ে দিয়ে কালো জাদুর টোটকা করার চেষ্টা করেন। আদালত খোলা থাকার সুযোগ নিয়ে তিনি এই কাজ করেন বলে মনে করা হচ্ছে।

পরবর্তীতে আদালতের কর্মচারীরা বিষয়টি লক্ষ্য করলে নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বৃদ্ধার এই কাণ্ড নজরে আসে। তার বিরুদ্ধে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার পর পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। চিক্কাবাল্লাপুর সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত মঞ্জুলার বিরুদ্ধে 'কর্ণাটক প্রিভেনশন অ্যান্ড এরাডিকেশন অফ ইনহিউম্যান ইভিল প্র্যাকটিসেস অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট, ২০১৭'-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় জেল হেফাজতে পাঠানো হয়েছে।

বর্তমানে বৃদ্ধার এই কাণ্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আজকের যুগেও যে অন্ধবিশ্বাস কতটা প্রভাব ফেলে মানুষের মনে, তা যেন আরও একবার প্রমাণিত হল। এমনটাই মনে করছেন নেটিজেনরা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার আলোচনায় চিক্কাবাল্লাপুরের এই বৃদ্ধা। এমনকী তাকে নিয়ে কৌতুক ও মিম ছড়িয়ে পড়েছে।