আজকাল ওয়েবডেস্ক: ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে কোটি কোটি টাকার বান্ডিল। সমাজমাধ্যমে সেই বিপুল অর্থ উদ্ধারের একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ত্রিপুরার নিরাপত্তা বাহিনীর এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ।

অভিযুক্তদের নাম মেনকা দেববর্মা ও অজিত দেববর্মা। পুলিশ সূত্রে খবর, মেনকা ত্রিপুরা পুলিশের আগরতলা পূর্ব থানার মহিলা কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে, তাঁর স্বামী অজিত ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) ১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ান।

ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা গিয়েছিল, ঘরের মেঝেময় থরে থরে সাজানো এবং ছড়িয়ে রয়েছে রাশি রাশি টাকার বান্ডিল। আর তার পাশেই বসে রয়েছেন ওই মহিলা কনস্টেবল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম চাঞ্চল্য।  কোটি কোটি টাকার এই আর্থিক কেলেঙ্কারির রহস্যভেদে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ।

সমাজমাধ্যমে ওই ক্লিপটি ছড়িয়ে পড়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে ধলাই জেলার পুলিশ। এর পরেই এই বিপুল আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পুলিশকর্মী দম্পতিকে গ্রপ্তার করা হয়।

ইতিমধ্যেই অভিযুক্তদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে দম্পতিকে জেরা করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।