নিতাই দে, আগরতলা: ত্রিপুরার যুবসমাজের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার এবং রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে ‘স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস’ ও ‘দ্য সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স’ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। এই উদ্দেশ্যে মঙ্গলবার রাজ্যের দক্ষতা উন্নয়ন দপ্তর এবং রামকৃষ্ণ মিশন, বিবেকনগরের মধ্যে একটি সমঝোতা চুক্তি বা মউ স্বাক্ষরিত হয়।


এ দিন সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি বলেন, "ভাষা শিক্ষা ও মানবসম্পদ বিকাশের এই উদ্যোগ আগামী দিনে রাজ্যের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।" তাঁর মতে, এই প্রতিষ্ঠানগুলি যুবসমাজকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের সুযোগ গ্রহণে সহায়তা করবে।


মুখ্যমন্ত্রী জানান, ‘স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস’-এ জার্মান, ফরাসি ও স্প্যানিশ ভাষার পাশাপাশি হিন্দি, বাংলা এবং সংস্কৃত ভাষা শেখানো হবে। অন্যদিকে ‘সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স’-এ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক ভাষা গবেষণাগার, ধ্যানকক্ষ এবং স্মার্ট ক্লাসরুমের মতো পরিকাঠামো গড়ে তোলা হবে।


তিনি বলেন, "বর্তমান সময়ে কর্মসংস্থানের ক্ষেত্রে যুবসমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ এক নতুন প্রজন্ম গড়ে তুলতেও এই উদ্যোগ সহায়ক হবে।"


প্রাথমিক পর্যায়ে গাঙ্গাইল রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গনে ১০০ জন পড়ুয়া নিয়ে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীকালে ধলেশ্বরে রামকৃষ্ণ মিশনের নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে, যেখানে প্রতি বছর প্রায় এক হাজার পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ পাবেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শুভকরানন্দ মহারাজ বলেন, "হায়দরাবাদ ও কলকাতায় ইতিমধ্যেই এ ধরনের প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। সেখানে ১৮টি বিভাগে প্রতি বছর প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বিভিন্ন দেশি-বিদেশি ভাষায় প্রশিক্ষণ গ্রহণ করে।"


অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, দক্ষতা উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী, দপ্তরের অধিকর্তা প্রদীপ কে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রস্তাবিত প্রতিষ্ঠান দু’টি নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রও প্রদর্শিত হয়।