আজকাল ওয়েবডেস্ক: গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল স্তরে আরও সুদৃঢ় ও কার্যকর করে তুলতে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আগামী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার প্রজ্ঞা ভবনে আলোচনাচক্র ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিধানসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জানালেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।
সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ জানান, কর্মশালার মূল বিষয়- 'জনপ্রতিনিধিদের সকল স্তরের মানুষের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা'। সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা এবং জনগণের করের অর্থের যথাযথ ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হবে।
গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। এটি নিয়মিত চর্চা ও মূল্যবোধের বিকাশের মাধ্যমেই শক্তিশালী হয়। এই কর্মশালায় তৃণমূল স্তর থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত সকল স্তরের জনপ্রতিনিধিদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হবে।
অংশগ্রহণকারী জনপ্রতিনিধিগণ তাঁদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপনের সুযোগ পাবেন। পাশাপাশি বিধানসভার কার্যপ্রণালী ও আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন। এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
সংসদীয় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বিষয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার উপ-চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও থাকবেন রাজ্যসভা ও লোকসভার সাংসদ, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি, টি.টি.এ.এ.ডি.সি.-র প্রতিনিধি, পুর নিগম ও পুরসভার সদস্য সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ। জনপ্রতিনিধিদের জনগণের প্রতি আরও সংবেদনশীল, দায়িত্বশীল করে তুলতেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
