আজকাল ওয়েবডেস্ক: ফের আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন উত্তরপ্রদেশের ক্রিকেটার অমিত মিশ্র। উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের বিরুদ্ধে নতুন করে পণের জন্য নির্যাতন, শারীরিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী গরিমা তিওয়ারি।

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, মিশ্রর স্ত্রী গরিমা তিওয়ারি অতিরিক্ত সিভিল জাজের (সিনিয়র ডিভিশন) আদালতে এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই স্বামী অমিত মিশ্র এবং তাঁর পরিবারের সদস্যরা নিয়মিতভাবে তাঁকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেছেন।

অভিযোগে অমিত মিশ্র ছাড়াও তাঁর মা বীনা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর মিশ্র, বৌদি ঋতু মিশ্র এবং বোন স্বাতী মিশ্রের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।

গরিমা তিওয়ারি সাংবাদিকদের জানান, ২০১৯ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুর ক্লাবে তাঁদের বিয়ে হয়।

বর্তমানে অমিত মিশ্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন কর্মকর্তা হিসেবে কর্মরত। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই অমিত এবং তাঁর বাড়ির লোকজন গরিমার পরিবারের কাছে একটি হোন্ডা সিটি গাড়ি এবং ১০ লক্ষ টাকা পণ দাবি করতে শুরু করেন।

বিয়ের সময় তাঁর পরিবার ২.৫ লক্ষ টাকা দিতে সক্ষম হলেও পরবর্তীতে আরও টাকা দেওয়ার জন্য চাপ অব্যাহত থাকে বলে তিনি দাবি করেন। গরিমার অভিযোগ, মদ্যপ অবস্থায় অমিত মিশ্র প্রায়ই তাঁকে মারধর করতেন, গালিগালাজ করতেন।

কখনও কখনও দিনের পর দিন খাবার না খাইয়ে রেখে দিতেন তাঁকে। তিনি আরও অভিযোগ করেন, মডেলিংয়ের কাজ থেকে যে অর্থ তিনি উপার্জন করতেন তাও জোর করে নিয়ে নিতেন তাঁর স্বামী।

প্রায়ই তাঁকে ডিভোর্সের হুমকি দেওয়া হত। এই নির্যাতনের কারণে একটা সময় গভীর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন গরিমা। শেষ পর্যন্ত মডেলিং কেরিয়ারও ছেড়ে দিতে বাধ্য হন।

তিনি দাবি করেন, একবার মানসিক চাপে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। গরিমা তিওয়ারির অভিযোগ, একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও এফআইআর দায়ের করা হয়নি।

এমনকী, পুলিশ কমিশনারের দপ্তরেও তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু অমিত মিশ্র প্রভাবশালী হওয়ার কারণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

গরিমার আইনজীবী করিম আহমদ সিদ্দিকি জানান, পুলিশের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ না নেওয়ায় আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, অমিত মিশ্রর বিরুদ্ধে গরিমা তিওয়ারির দায়ের করা তৃতীয় মামলা এটি। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল তিনি গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা করেন অমিত মিশ্রর নামে।

গত ২৩ এপ্রিল স্বামীর কাছ থেকে মাসিক ৫০ হাজার টাকা ভরণপোষণ ও ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আরেকটি আবেদন জানান গরিমা।