আজকাল ওয়েবডেস্ক: গরমের দাপটে কার্যত পুড়ছে দেশ। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় দেশের বিস্তীর্ণ অংশে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর।

বিশেষ করে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছাতে পারে দিল্লির তাপমাত্রা। আইএমডি জানিয়েছে, আগামী ২২ মে পর্যন্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ছত্তিশগড় এবং কঙ্কণ-গোয়ার কিছু অংশে তাপপ্রবাহ চলবে।

আগামী তিন দিনে দিল্লির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার, দমকা হাওয়ায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এরপর আকাশ পরিষ্কার হলে আগামী সপ্তাহে পারদ ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, রাতের তাপমাত্রাও বেশি থাকবে। উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে দ্রুত তাপমাত্রা বাড়ছে। পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাগুলিতেও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

যেখানে উত্তর ভারত তাপপ্রবাহে পুড়ছে, সেখানে উত্তর-পূর্ব ভারতের অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে কেরল, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও বজ্রবিদ্যুৎ, ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।