আজকাল ওয়েবডেস্ক: রাখি উৎসবের দিন মানবিকতার সাক্ষী থাকল তেলেঙ্গানা। বাসের মধ্যে মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করতে এগিয়ে এলেন মহিলা বাস কন্ডাক্টর। রাখিবন্ধন উৎসব পালন করতে সোমবার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তেলেঙ্গানার বাসিন্দা সন্ধ্যা।
তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে করে মাহাবুবনগর জেলার ওয়ানাপার্টিতে যাচ্ছিলেন। মাঝরাস্তায় বাসটি নাচাহল্লির কাছে আসতেই হঠাৎ ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। তখনই জি ভারতী নামে ওই মহিলা কন্ডাক্টর সন্ধ্যাকে ব্যথায় কাতরাতে দেখে নাচাহল্লির কাছে বাস দাঁড় করিয়ে দেন। সৌভাগ্যবশত বাসে উপস্থিত ছিলেন একজন নার্স।
তিনি এবং ভারতী দুজনে মিলে সন্ধ্যাকে সন্তান প্রসবে সাহায্য করেন। সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন সন্ধ্যা। দুজনকেই অ্যাম্বুলেন্সে করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানার সরকারি বাস সংস্থা কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির জন্য তাঁর প্রশংসা করেছে।
















