আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে দিল্লি বিমানবন্দরে ভয়াবহ সংঘর্ষ। অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশো যাত্রী। রানওয়ে দিয়ে যাওয়ার সময় স্পাইসজেটের একটি বিমান ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা আকাসা এয়ারের একটি বিমানে। এই ঘটনায় দুই বিমানেরই ডানা ও লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি।
ঘড়িতে তখন দুপুর সোয়া ২টো। লেহ থেকে আসছিল বিমানটি। স্পাইসজেটের ওই বিমান পৌঁছনোর পর পার্কিং বে-র দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় হায়দরাবাদ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আকাসা এয়ারের বিমানটি। রানওয়েতে যাতায়াতের সময় আচমকাই স্পাইসজেটের বিমানের ডানদিকের পাখাটি সজোরে আঘাত করে আকাসার বিমানের লেজের দিকের অংশে।
ঘটনার পরেই তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে আকাসা এয়ারের তরফে জানানো হয়েছে, 'আমাদের বিমানটি স্থির অবস্থাতেই ছিল, অন্য একটি বিমান এসে তাতে ধাক্কা মারে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে জরুরি।'
জানা গিয়েছে, হায়দরাবাদগামী যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন এবং কার ভুলে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
















