আজকাল ওয়েবডেস্ক: বাবার মৃত্যু মেনে নিতে পারেননি। মৃতদেহ আগলে নিয়ে যাওয়ার পথেই ঘটল বিপত্তি। হঠাৎ বুকে ব্যথা। শোকে মূহ্যমান যুবক নিজের বাইকে লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে মৃত্যু হল তাঁর। বাবার মৃত্যুর কিছুক্ষণ পরেই মর্মান্তিক পরিণতি হল যুবকের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ জানিয়েছে, লাইক আহমেদ নামের এক ব্যক্তি ২০ মার্চ বেসরকারি নার্সিং হোমে মারা যান। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। কিন্তু বাবার মৃত্যুর সংবাদ সহ্য করতে পারেননি ছেলে আটিক। বাবাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন। তাঁর ধারণা ছিল, হাসপাতালের চিকিৎসকরা বাবার প্রাণ ফিরিয়ে দিতে পারবেন।
সেই নার্সিং হোম থেকে অ্যাম্বুল্যান্সে করে অন্য হাসপাতালে আটিকের বাবাকে নিয়ে যাওয়ার পথেই ঘটে বিপর্যয়। অ্যাম্বুল্যান্সের পিছনেই বাইক চালিয়ে যাচ্ছিলেন আটিক। হঠাৎ বুকে হাত চেপে বাইকে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা এও জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে যুবকের।
পরিবার জানিয়েছে, আটিক ছোট ছেলে ছিলেন। বাবার খুব প্রিয় ছিলেন তিনি। বাবার মৃত্যুর সংবাদ সহ্য করতে পারেননি। বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। দু'জনের দেহ পাশাপাশি কবর দেওয়া হয়।
















