আজকাল ওয়েবডেস্ক: বিশিষ্ট শিয়া ধর্মগুরু তথা হুরিয়ত কনফারেন্সের একজিকিউটিভ সদস্য আগা সৈয়দ হাসান মুসাভিকে বৃহস্পতিবার নয়াদিল্লি বিমানবন্দরে ইরানগামী বিমানে চড়তে বাধা দেওয়া হল। নিহত ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই-এর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে তেহরান যাওয়ার কথা ছিল তাঁর। মুসাভির ছেলে তথা পিডিপি বিধায়ক আগা মুনতাজির মেহদি অভিযোগ করেছেন, দিল্লির অভিবাসন (ইমিগ্রেশন) আধিকারিকরা তাঁর বাবাকে আটকে দেন এবং ভারত বিরোধী বক্তব্য না রাখার শর্ত চাপান।
মুনতাজির মেহদির দাবি, অভিবাসন আধিকারিকরা আগা হাসানকে জানান যে তিনি কেবল একটি শর্তেই ইরান যাওয়ার অনুমতি পাবেন—সেখানে গিয়ে ভারতের সরকারি অবস্থানের বিরুদ্ধে তিনি কোনও কথা বলতে পারবেন না এবং কাশ্মীরে হওয়া গ্রেপ্তারি নিয়েও কোনও আলোচনা করতে পারবেন না। জবাবে আগা হাসান জানান যে তিনি কেবল শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন এবং সেখানে কোনও বক্তৃতা দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। তবে আধিকারিকদের দেওয়া শর্তে তিনি রাজি হতে অস্বীকার করেন।
শর্তে রাজি না হওয়ায় অভিবাসন আধিকারিকরা আগা হাসানের পাসপোর্টটি বাজেয়াপ্ত করেন এবং শ্রীনগরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে (RPO) একটি 'সিজার মেমো' বা বাজেয়াপ্তকরণের নথি পাঠান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশনের আধিকারিক অজয় সিংয়ের জারি করা সেই মেমোতে জানানো হয়েছে, শ্রীনগর থেকে আগা সৈয়দ হাসান মুসাভির নামে ইস্যু করা পাসপোর্ট/ভ্রমণ নথিটি বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য শ্রীনগর আরপিও-তে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনেই-এর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীর থেকে যে পাঁচজন নেতাকে তেহরানে আমন্ত্রণ জানানো হয়েছিল, আগা হাসান ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। আমন্ত্রিত বাকি চারজন হলেন—বিশিষ্ট শিয়া নেতা তথা সাংসদ আগা রুহুল্লাহ মেহদি, শিয়া নেতা ইমরান আনসারি ও সৈয়দ হাদি, এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এই তালিকায় মেহবুবা মুফতিই ছিলেন একমাত্র অ- শিয়া নেত্রী।
জানা গেছে, ভারত থেকে আমন্ত্রিত অতিথিদের তেহরানে নিয়ে যাওয়ার জন্য ইরান সরকারের পক্ষ থেকে একটি বিশেষ বিমান পাঠানো হয়েছিল। মেহবুবা মুফতি এবং ইমরান আনসারিকে সেই বিশেষ বিমানে চড়ার অনুমতি দেওয়া হলেও আগা হাসানকে আটকে দেওয়া হয়। আমন্ত্রিত অন্য নেতা সৈয়দ হাদি এখনও রওনা হননি। আগা হাসান দীর্ঘদিন ধরে মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বাধীন নরমপন্থী হুরিয়ত কনফারেন্সের একজিকিউটিভ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন এবং তাঁর ছেলে মুনতাজির সম্প্রতি উপনির্বাচনে বুদগাম বিধানসভা কেন্দ্র থেকে পিডিপি-র টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন।















