আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনের পার্টিতে তুমুল হুল্লোড়। গানবাজনা, খাওয়াদাওয়ায় মেতেছিলেন সকল আত্মীয়স্বজন। মাঝরাতে এক পরিবারের কয়েকজন সদস্য ফিরছিলেন বাড়িতে। মাঝপথেই ঘটল বিপত্তি। পথ দুর্ঘটনায় এক পরিবারের সকল সদস্যের জীবন শেষ।
যাত্রীবাহী একটি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়েছিল একটি বাইকের। সংঘর্ষের পরেই গাড়িটি উল্টে পড়ে ক্যানেলে। গাড়িটি ডুবে যেতেই যাত্রীরা আর কেউ পালানোর পথ পাননি। বন্ধু গাড়ির মধ্যে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের সকলের। অন্যদিকে দু'জন বাইক আরোহী প্রাণে বাঁচলেও, গুরুতর আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিককে। বুধবার পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিনদরি শহরের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অল্টো গাড়ির সঙ্গে মুখোমুখি সজোরে সংঘর্ষ হয় একটি বাইকের।
রাস্তাটির পাশেই ছিল একটি খাল। বৃষ্টির জেরে সেটিতে জলে পরিপূর্ণ ছিল। সংঘর্ষের পর গাড়িটি পাক খেয়ে খালের জলে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ডুবে যায় সেটি। গাড়ির যাত্রীরাও দরজা খুলে আর বের হতে পারেননি। বন্ধ গাড়ির মধ্যে সকলের মৃত্যু হয়।
আরও পড়ুন: মেডিক্যাল কলেজের অঙ্কোলজি বিভাগের সামনে দেহ খুবলে খেল কুকুর, সকাল হতেই হাসপাতাল জুড়ে হইচই
পুলিশ জানিয়েছে, বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই প্রথমে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যাত্রীবাহী গাড়িটি উদ্ধার করে। একে বের করা হয় মৃতদেহগুলি। দুর্ঘটনায় ওই গাড়ির সাতজন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায়, তিনজন মহিলা, তিনজন পুরুষ ও দু'বছরের একটি শিশুও রয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে দু'জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নাসিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্কটজনক অবস্থায় বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নাসিক শহরে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল পরিবারটি। এক আত্মীয়ের ছেলের জন্মদিন ছিল। সেই পার্টি থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
প্রসঙ্গত, গত মাসেই মহারাষ্ট্রে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেদিনের ঘটনাস্থল পুনেতে। জেজুরি-মোরাগাঁও সড়কের উপরে। ন'জনের মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ভারী বৃষ্টির মধ্যেই বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল চালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় একটি ধাবার ভিতরে গাড়িটি ঢুকিয়ে দেয়।
জানা গেছে, 'শ্রীরাম' ধাবার মালিক একটি পিক আপ ভ্যান থেকে রেফ্রিজারেটর নামাচ্ছিলেন। ধাবার বাইরে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। সড়ক থেকে সোজা ধাবার ভিতরে গাড়িটি ঢুকে পড়ায়, পরপর ১২ জনকে পিষে দেয়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর পাঠান পুলিশে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। তারা জানিয়েছে, ১২ জনকেই উদ্ধার করে জেজুরির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আটজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজন মহিলা, পুরুষ, দু'জন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালীন এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
















