আজকাল ওয়েবডেস্ক: বিমানের টিকিট বুক করার পর তা বাতিল বা পরিবর্তন করা নিয়ে যাত্রীদের ভোগান্তি দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতেই এবার নিয়মে বড়সড় বদল আনল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত মানলে টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে তা বাতিল বা বদল করলে কোনও বাড়তি মাশুল বা টাকা গুনতে হবে না যাত্রীদের।

গত ২৪ ফেব্রুয়ারি বিমান টিকিট রিফান্ড সংক্রান্ত নিয়মে এই বদল আনা হয়েছে। 

এক নজরে নতুন নিয়ম- 

অনেক সময় তাড়াহুড়ো করে টিকিট কাটতে গিয়ে নামের বানানে ভুল হয়। এখন থেকে সরাসরি বিমান সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে সেই ভুল ধরা পড়লে, তা ঠিক করতে কোনও টাকা লাগবে না।

টিকিট কাটার পর ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় পাবেন যাত্রীরা। এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে বা অন্য দিনের টিকিট নিলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে পরের দিনের টিকিটের দাম যদি বেশি হয়, তবে শুধুমাত্র সেই বাড়তি ভাড়াটুকু দিলেই চলবে।

এই সুবিধা পেতে হলে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার অন্তত ৭ দিন আগে এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিন আগে টিকিট বুক করতে হবে। যাত্রার দিন খুব কাছে থাকলে এই ছাড় মিলবে না।

আপনি ট্রাভেল এজেন্ট বা পোর্টাল- যেখান থেকেই টিকিট কাটুন না কেন, টাকা ফেরতের মূল দায়িত্ব থাকবে বিমান সংস্থার ওপর। সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে যে রিফান্ড যেন ১৪ কার্যদিবসের মধ্যেই হয়ে যায়।

যদি কোনও যাত্রী বা তাঁর পরিবারের কেউ (যাঁদের নাম একই টিকিটে আছে) হঠাৎ হাসপাতালে ভর্তি হন, তবে বিমান সংস্থা টিকিটের টাকা ফেরত দেবে অথবা সেই টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে (ক্রেডিট শেল) রাখার সুযোগ দেবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার পর থেকেই রিফান্ড নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। সরকারি তথ্য বলছে, ওই এক মাসেই প্রায় ২৯ হাজার যাত্রী অভিযোগ জানিয়েছিলেন, যার বড় অংশই ছিল টাকা ফেরত না পাওয়া নিয়ে। সাধারণ মানুষের সেই ক্ষোভ সামাল দিতেই এবার ময়দানে নামল ডিজিসিএ।