আজকাল ওয়েবডেস্ক: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চালু হওয়া একটি বিতর্কিত প্রচারমূলক অফারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুদুচেরির আবগারি দপ্তর।
ওই দোকানের তরফে প্রচার করা হয়েছিল ওয়াইন কিনলে তার সঙ্গে বিনামূল্যে বিয়ার বিনিময় করা হবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে। কিন্তু ওই দোকানের প্রচারকে ১৯৭০ সালের পুদুচেরি আবগারি বিধির সরাসরি লঙ্ঘন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
পুদুচেরির আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি মদের দোকানে নির্দিষ্ট ব্র্যান্ডের ছোট ওয়াইন বোতল কিনলে একটি বিয়ার ক্যান ফ্রি এবং বড় ওয়াইন বোতল কিনলে চারটি বিয়ার ক্যান বিনামূল্যে দেওয়ার অফার চালু করা হয়েছিল।
এই অফারগুলি প্রকাশ্যে একটি টেলিভিশন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় মদের দোকানের মালিক নিজেই প্রচার করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে এরপরই সংশ্লিষ্ট দোকান পরিদর্শনে যান আবগারি আধিকারিকরা।
যদিও তল্লাশির সময় দোকানের ভিতরে কোনও প্রচারমূলক পোস্টার, ব্যানার বা ডিসপ্লে বোর্ড পাওয়া যায়নি, তবু কর্তৃপক্ষের মতে, এই ধরনের অফার মদ্যপানে উৎসাহ জোগায় এবং ওয়াইন ও বিয়ার খাওয়াকে পরোক্ষভাবে প্রচার করে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আবগারি দপ্তরের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হবে। জানা গিয়েছে, মদের দোকানের পাশাপাশি ওই ব্যক্তি একই সঙ্গে একটি বারও পরিচালনা করেন।
নিয়ম ভেঙেছেন প্রমাণিত হলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। এই প্রসঙ্গে রাজস্ব আধিকারিক রাজেশ খান্না বলেন, ‘মদ্যপানের কোনওরকম প্রচারই নিয়মবিরুদ্ধ। আমরা শোকজ নোটিস জারি করব এবং প্রয়োজনে জরিমানাও আরোপ করা হবে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা সম্ভব।’
ভ্যালেন্টাইন্স ডে-কে সামনে রেখে রাজ্যজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই সময় হোটেল, বার ও খুচরো মদের দোকানে নানা থিমভিত্তিক অফার ও বিশেষ ছাড় চালু করা হয়।
আবগারি দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের বেআইনি প্রচার ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হবে এবং মদের অতিরিক্ত সেবনে উৎসাহ জোগায় এমন কোনও কর্মসূচি বরদাস্ত করা হবে না।
