আজকাল ওয়েবডেস্ক: দেশের মেডিক্যাল শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে। তেমনটাই জানিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)। আগামী দিনে দেশ প্রচলিত পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা মেডিক্যাল কোর্সগুলি সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। তবে চালু থাকবে এমডি এবং এমএস-এর মতো ডিগ্রি প্রোগ্রাম।

 

এনএমসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২০২৭ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষই পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির শেষ বছর। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ থেকে পিজি ডিপ্লোমা কোর্সে আর নতুন করে ভর্তির অনুমতি দেওয়া হবে না। এরপর থেকে এই ধরনের সমস্ত কোর্সই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।" এনএমসি জানিয়েছে, দু'বছরের পিজি ডিপ্লোমার জন্য বরাদ্দ ৩,৩০০ আসনও এমডি এবং এমএস কোর্সে যোগ করা হবে।

 

এনএমসি অধীনস্থ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড (পিজিএমইবি) সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে। আর তার কিছুদিনের মধ্যেই নির্দেশিকা জারি করেছে জাতীয় মেডিক্যাল কমিশন।

 

পিজিএমইবি-এর অধিকর্তা সি কে রামাস্বামী এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, চিকিৎসাবিদ্যার মানোন্নয়ন, বিশেষজ্ঞ প্রশিক্ষণের বিশ্বজনীন স্বীকৃতি এবং সমসাময়িক শিক্ষাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

 

কমিশন জানিয়েছে, বর্তমানে দেশের অনেক মেডিক্যাল কলেজ একই বিষয়ে পিজি ডিপ্লোমা এবং পিজি ডিগ্রি—উভয় কোর্সই চালু রেখেছে। আবার কিছু প্রতিষ্ঠান শুধুমাত্র পিজি ডিপ্লোমা কোর্সই করাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানগুলির কাছে ডিগ্রি কোর্স চালানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষক-অধ্যাপক ও ক্লিনিক্যাল যন্ত্রপাতি মজুত রয়েছে। তাই সেই পরিকাঠামোর সঠিক ব্যবহার জরুরি। সেই উদ্দেশ্যে এই ডিপ্লোমা কোর্সগুলিকে শুধুমাত্র ডিগ্রি কোর্সেই রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

এনএমসি-র নির্দেশ, দেশের যে সমস্ত মেডিক্যাল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে পিজি ডিপ্লোমা কোর্স চালাচ্ছে এবং সেগুলিকে এমডি বা এমএস ডিগ্রিতে রূপান্তর করতে ইচ্ছুক, তাদের দ্রুত আবেদন জানাতে হবে। এনএমসি-র তরফে এও জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নির্ধারিত ফরম্যাট মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে 'মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড' (এমএআরবি)-এর কাছে তাদের আবেদন জমা দিতে হবে। দেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও প্রতিষ্ঠানকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে বলেও জানিয়েছে এনএমসি।