আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাই সকাল সাড়ে নয়'টায় শাসক জোট এনডিএ-এর 'সংসদীয় দলের বৈঠক' ডাকা হয়েছে। এই বৈঠক হবে সংসদ ভবনে। জানা গিয়েছে, বর্ষাকালীন অধিবেশনের শুরু থেকেই এই বৈঠকের নামকরণ করা হয়েছে। ওই দিন থেকেই এনডিএ-এর 'সংসদীয় দলের বৈঠক'-এর নাম হবে 'মঙ্গল মিলন'। সংসদ অধিবেশন চলাকালীন সাধারণত প্রতি মঙ্গলবার যে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়, তা এখন থেকে এই নতুন নামেই পরিচিত হবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

সংসদের বর্ষাকালীন অধিবেশন নিয়ে সরকারের কৌশল অনুযায়ী, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে (অর্ডিন্যান্স) অগ্রাধিকার ভিত্তিতে আলোচনার জন্য তোলা হবে। এর মধ্যে রয়েছে আয়কর সংশোধনী, জাতীয় সম্মানের অবমাননার জন্য শাস্তির বিধান সংক্রান্ত আইন, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বিষয়ক আইন এবং আরও কয়েকটি বিল।

সরকারি সূত্র জানিয়েছে, কৌশল-নির্ধারকরা এ বিষয়ে সম্পূর্ণ আস্থাশীল যে, প্রয়োজনে- এমনকি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় এমন বিল পাসের ক্ষেত্রেও সদনে শাসক জোটের প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন রয়েছে। এক্ষেত্রে এই অধিবেশনেই পেশ হতে পারে 'আসন পুনর্বিন্যাস' বিল।

পাশাপাশি সূত্রগুলো এও জানিয়েছে যে, তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদদের তৈরি এনসিপিসিআই সংসদে বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই  আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে। তাহলে এই অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এনসিপিআই-কে আমন্ত্রণ জানানো হবে বলেও সূত্রগুলো জানিয়েছে।