আজকাল ওয়েবডেস্ক: ৪৬ বছরের ব্যক্তিকে বাঁচিয়ে দিল একটা কাগজ, আর তাতে সঙ্গীর সই। ওই কাগজ তার এবং তার সঙ্গীর লিভ-ইন এগ্রিমেন্ট। আর ওই এগ্রিমেন্টের কাগজের কারণেই ধর্ষণ মামলা থেকে রেহাই পেল ব্যক্তি। মিলল প্রি-অ্যারেস্ট বেল।
ঘটনাস্থল মুম্বই। এক তরুণী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে ওই ব্যক্তি। কিন্তু তার পরেই ওই ব্যক্তি আদালতে একটি এগ্রিমেন্ট পেশ করে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। জানা গিয়েছে, তাতে রয়েছে, দুই সঙ্গীর কেউই কখনওই একে অন্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনতে পারবে না। এই কাগজ আদালতে পেশ করার পরেই, ২৯ আগস্ট তার বেল মেলে। অভিযুক্ত ওই ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, দুজনেই অনেক আগেই ওই পেপার তৈরি করেন, দুজনের সম্মতিতে এই কাগজে সই করা হয়। সম্মতি পত্র ৭টি বিষয়ের উল্লেখ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
যদিও ওই তরুনী দাবি করেছে, এগ্রিমেন্ট পেপারের ওই সাক্ষর তার নয়। এই মুহূর্তে আদালত ওই কাগজ খুঁটিয়ে দেখছে।
