আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার ভোরে। আগুন লাগে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর সওয়া পাঁচটা নাগাদ, কোটা রেল ডিভিশনের লুনি এবং আলোট রেল স্টেশনের মাঝে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, কেরল থেকে দিল্লিগামী হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ট্রেনের গার্ড প্রথম লক্ষ করেন আগুন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগে প্রথমে বি ওয়ান কোচে। তারপর আগুন ছড়িয়ে পড়ে অপর কোচে। গার্ড, চালককে খবর দেন তৎক্ষণাৎ। চালক খবর পেয়েই ট্রেন থামিয়ে দেন। বিচ্ছিন্ন করা হয় ওভারহেড ইলেকট্রিক সরবরাহের তার। ওই দুটি কামরা ট্রেন থেকে বিচ্ছিন্ন করে, শুরু হয় যাত্রীদের উদ্ধারের কাজ। 

 

 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অগ্নিকাণ্ডের ভিডিও। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ঘন কালো ধোঁয়ায় ঢেকে চারপাশ। আগুনের লেলিহান শিখা ট্রেনের কামরায়। 

 

তথ্য, অগ্নিকাণ্ডের ঘটনার পরেই, ওই দুই কামরা থেকে যাত্রীদের সুরক্ষিত ভাবে নামিয়ে আনা হয়েছে। মোট 68জন যাত্রী ছিলেন সেখানে। তাঁদের কোটা পর্যন্ত যাওয়ার জন্য অন্য কামরায় স্থানান্তরিত করেছে রেল কর্তৃপক্ষ। কোটায় ওই ট্রেনের সঙ্গে অতিরিক্ত কামরা যুক্ত করা হবে। তারপর পুনরায় যাত্রা শুরু হবে গন্তব্যের উদ্দেশে।

 

১২৪৩১, রাজধানী এক্সপ্রেস কেরলের তিরুবন্তপূরম থেকে শুক্রবার রওনা দেয়। রবিবার দুপুরে দিল্লির হজরত নিজামউদ্দিন রেল স্টেশনে পৌঁছনোর কথা ছিল। প্রায় ২৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছিল ট্রেনটি। তার পরেই ঘটে ভয়াবহ ঘটনা।

 

তবে কী কারণে, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয় এখনও।